| মঙ্গলবার, ২৫ মার্চ ২০১৪ | প্রিন্ট
গত সাধারণ নির্বাচনের সময় স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে জনগণ যেভাবে রুখে দাঁড়িয়েছে তা অব্যাহত রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘একাত্তরের মতো ঐক্যবদ্ধ হয়ে জাতি গত ৫ জানুয়ারির নির্বাচনে সন্ত্রাসী ও স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করেছে এবং দেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে।’
গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার-২০১৪ প্রদানের সময় তিনি এসব কথা বলেন। বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য নয়জন বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটকে চলতি বছরের স্বাধীনতা পুরস্কার দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বলেন, ‘গত সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত জোট তাদের জঙ্গিবাদী ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করেছিল। তারা প্রিসাইডিং অফিসার, বিজিবি ও পুলিশ হত্যা, বাসে, রেলে আগুন, পুড়িয়ে মানুষ হত্যা, সংখ্যালঘুদের ওপর নির্যাতন, সম্পদ নষ্টসহ নানা অপকর্ম করেছিল।’
তিনি বলেন, ‘একটি বিষয়ে আমি সত্যি প্রশংসা করি, সে সময় প্রশাসন, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী একাত্তরের মতো ঐক্যবদ্ধ হয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ও জনগণের জানমাল রক্ষার জন্য দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতে পেরেছিল। ফলে দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা পেয়েছে।’
আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতির অগ্রগতির পাশাপাশি বাংলাদেশকে একটি উদার গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও শান্তিকামী দেশ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘যারা উড়ে এসে জুড়ে বসে দেশের জন্য তাদের কোনো মায়া থাকে না। ভোগ করার মানসিকতা দিয়েই তারা দেশ চালায়। আর যারা ত্যাগ স্বীকার করেছেন, যখন তাদের হাতে ক্ষমতা এসেছে, তখনই দেশের উন্নতি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কর্মক্ষেত্রে আমরা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে পেরেছি বলেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। আমাদের লক্ষ্য ছিল একটাই—দেশকে আত্মনির্ভরশীল জাতি হিসেবে দাঁড় করানো। যে জাতি যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারে, সে জাতি কেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে না।’ সূত্র : বাসস
Posted ১৬:০৩ | মঙ্গলবার, ২৫ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin