| মঙ্গলবার, ১৮ মার্চ ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ১৮ মার্চ : আগামী ২০ মার্চ বৃহস্পতিবার সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি প্রদান করবে বিএনপি। উপজেলা নির্বাচনে ভোট জালিয়াতি, কেন্দ্র দখল ও সহিংসতার প্রতিবাদে এবং সারাদেশে অব্যাহত গুপ্তহত্যা, গুম, খুনের প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হয়।
মঙ্গলবার বেলা পৌনে বারটায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রিজভী আহমেদ বলেন, গত তিন দফা উপজেলা নির্বাচনে দেশের বিভিন্নস্থানে ভোট কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, নেতাকর্মীদের মারধর এমনকি বাড়িতে বাড়িতে গিয়ে ভয় ভীতি দেখানো হচ্ছে। থানায় মামলা বা ডায়েরী নিচ্ছে না। মূলত সরকার বাকী উপজেলা নির্বাচন গুলোয় নিজেদের সংখ্যা বাড়ানোর জন্যই এই তা-ব চালাচ্ছে।
নির্বাচন কমিশনকে সরকারের অপকর্মের মূখপাত্র দাবি করে তিনি বলেন, গত নির্বাচনে দুই শতাধিক কেন্দ্রে সহিংসতা হয়েছে এতে চার জন মারা গেছে। সরকারি দলের তা-বের কারণে অনেক কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে অথচ নির্বাচন কমিশন নির্বিকার। কমিশন সরকারের এসব অপকর্মকে জায়েজ করতে মুখপাত্রের ভূমিকা পালন করছে।
সমাজে ন্যায় বিচারের অবশিষ্টাংশও নেই উল্লেখ করে রিজভী আহমদ বলেন, প্রতিদিনই এখানে ওখানে মানুষের লাশ পাওয়া যাচ্ছে। নদী নালা, খাল বিল ও নির্জন স্থানে লাশ ভেসে ওঠছে। প্রতিদিনই লাশের পাহাড় হচ্ছে। অথচ সরকার এখন নিশ্চুপ। যেই সরকারের বিরুদ্ধে কথা বলছে তাকেই গুম হত্যা করা হচ্ছে।
তিনি বলেন, সরকারবিরোধী আন্দোলনকে স্থিমিত করার উদ্ভট অপকৌশল হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতার করে নির্যাতন চালাচ্ছে। তারা বিরোধী দলের আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায়। কিন্তু তাদের মনে রাখা উচিত বিএনপি এদেশের পাথর প্রতীম সমস্যাকে দূরে ঠেলে দেশের স্বার্থে, গণতন্ত্রের জন্য আপোষহীন।
সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, মহিলা দলে সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ১৩:০৭ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin