| বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ২৩ জানুয়ারি : চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফা তফসিল ঘোষণার পর এবার ২য় দফায় ১১৭টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করলো নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ২৭ ফেব্রুয়ারি ঐসব উপজেলা পরিষদের নির্বচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ এ তফসিল ঘোষনা করেন।
সিইসি বলেন, দ্বিতীয় ধাপে ১১৭ উপজেলা মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই ৪ ফেব্রুয়ারি ও প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, এবারের উপজেলা নির্বাচনেও প্রতিবারের মতো সেনাবাহিনী থাকবে। কত সংখ্যক সেনা মোতায়েন থাকবে জানতে চাইলে তিনি বলেন, গতবারের ন্যায় থাকবে। তার থেকে কমানো হবে না। তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে।
সিইস বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। এই নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী কোনো ধরণের সহিংসতার আশঙ্কা করছে না। এ নির্বাচন নির্দলীয় নির্বাচন।
কাজী রকিবউদ্দীন আহমদ জানান, ১০২ উপজেলার মধ্যে চার উপজেলা নির্বাচনের নির্বাচন বন্ধ করার জন্য লোকাল গর্ভমেন্ট থেকে চিঠি এসেছে। তাই আমরা বাদ দিয়ে নির্বাচন করছি। এ চার আসনে সীমানা নির্ধারণ করা শেষ হলে নির্বাচন করা হবে।
সরকারী পদে থাকা ব্যাক্তিরা কি নির্বাচনে দাঁড়াতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা নির্বাচন করতে পারবেন, তবে সরকারী সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেনা।
উল্লেখ্য, নির্বাচন কমিশন থেকে প্রস্তাবিত উপজেলা নির্বাচনের ৬টি তারিখ হল-প্রথম ধাপ-১৯ ফেব্রুয়ারী, দ্বিতীয় ধাপ-২৭ ফেব্রুয়ারী, তৃতীয় ধাপ-১৫ মার্চ, ৪র্থ ধাপ-২৫ মার্চ, ৫ম ধাপ-৩১ মার্চ, ৬ষ্ঠ ধাপ-৩ মে।
প্রসঙ্গত, এছাড়া ১৫ মার্চ ৭৪ উপজেলা, ২৫ মার্চ ৭২ উপজেলা, ৩১ মার্চ ৬৫ উপজেলা ও ৩ মে ৫৭ উপজেলা নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
Posted ১৫:১০ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin