| শুক্রবার, ০৭ মার্চ ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ৭ মার্চ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনা মনে করেন জনগণ নয়, ভারতই ক্ষমতার উৎস।’ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত ‘তারেক রহমানের কারামুক্তি দিবস ও ১/১১ এর প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন
গয়েশ্বর বলেন, ইবলিশের মতো রাজনীতিবিদদের হাত থেকে রাজনীতিকে মুক্ত করতে না পারলে রাজনীতি ও গণতন্ত্র কোনোটাই রক্ষা পাবে না।
বর্তমান সরকারকে অবৈধ আখ্যা দিয়ে তিনি বলেন, অবৈধ সরকারের বিরুদ্ধে সাধারণ আন্দোলন করলে হবে না। পূর্ণ শক্তি দিয়ে আন্দোলন করতে হবে।
আমাদের লড়াই হতে হবে গণতন্ত্রের মুক্তির জন্য। তারেক রহমানের মুক্তির জন্য লড়াই করলে তিনিও মুক্ত হবেন না, গণতন্ত্রও মুক্তি পাবে না বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা।
তিনি বলেন, বিএনপিতে একটি দুর্বলতা রয়েছে। তা হচ্ছে আমরা শুধু অপরাধীকে ক্ষমাই করি না, পুরস্কৃতও করি। সামপ্রতিক কালের আন্দোলন থেকে শিক্ষা নিতে হবে আমরা বারবার অপরাধ ক্ষমা করব কিনা।
সংগঠনের সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।
Posted ১২:৫১ | শুক্রবার, ০৭ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin