| সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের সারা দেশে অবরোধ ও জেলা ছাত্রদলের ডাকা মানিকগঞ্জে ২৪ ঘণ্টার হরতাল চলাকালে এবং জামায়াতে ইসলামীর ডাকা সারা দেশে সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল শুরুর আগে রবিবার রাতে এই জেলায় বেশ কয়েকটি স্থানে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ থেকে বালু ও টিন বোঝাই একটি ট্রাক ঝিটকা বাজারে যাচ্ছিল। আটটার দিকে হরিরামপুর উপজেলার কৈড়ি কলেজের সামনে ট্রাকটি পৌঁছলে দুর্বৃত্তরা আগুন দেয়।
এ সময় স্থানীয়রা আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, অবরোধ ও হরতালকারীরা ট্রাকটিতে আগুন দিয়েছে।
এছাড়া, সাড়ে আটটার দিকে অবরোধকারীরা সিংগাইর উপজেলার ঋষিপাড়া বাসস্ট্যান্ডে টায়ারে আগুন দেয়। এ সময় সেখানে মানিকগঞ্জ থেকে সিংগাইরগামী যাত্রী বোঝাই একটি টেম্পো পৌঁছলে অবরোধকারীরা আগুন দেয়।
স্থানীয়রা চেষ্টা করে টেম্পুটির আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কেউ হতাহত হয়নি।
সিংগাইর থানার ওসি লিয়াকত আলী জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে অবরোধকারীরা পালিয়ে যায়।
এদিকে, রাত দুইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ডে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়েছে। অবরোধ ও হরতালকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে শিবালয় থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক জানিয়েছেন।
Posted ১৪:১৪ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin