| মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
প্রধানমন্ত্রী ফ্যাসিবাদী কায়দায় স্বৈরাচারী একনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়ে দেশের গণতান্ত্রিক কাঠামো, অর্থনীতির ভিত্তি ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নকে ধ্বংস করে ফেলছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠনো এক বিবৃতিতে একথা বলেন। ফখরুল বলেন, দেশকে রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য, মৌলিক অধিকার রক্ষার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের আহবান জানিয়েছেন। দলমত নির্বিশেষে এই আহবানে সাড়া দিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে সকল গণতন্ত্রকামী মানুষকে।
তিনি বলেন, পাঁচ বছরে সরকারে থেকে দুর্নীতির পাহাড় তৈরি করে, গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে দিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য ভিন্ন আঙ্গিকে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করার হীন উদ্দেশ্যে আওয়ামী লীগ তার প্রকৃত রূপে জনগণের সামনে ধরা পড়েছে।তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী কায়দায় স্বৈরাচারী একনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী। ধ্বংস করে ফেলছেন গণতান্ত্রিক কাঠামো, অর্থনীতির ভিত্তি এবং জনগণের গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নকে। বিভক্ত করে ফেলছেন সমগ্র জাতিকে।
ফখরুল বলেন, ১৮ দলের ‘মার্চ ফর ডেমোক্রেসী’ কর্মসূচিতে সরকার নজীরবিহীন বাধা দিয়েছে। সমাবেশ অনুষ্ঠানের অনুমতি দেয়নি। তিন দিন ধরে সারাদেশে সরকার অবরোধ আরোপ করে সড়ক, রেল ও নৌপথে সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছিল।
জাতির চরম সংকটকালে খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে দেশ ও গণতন্ত্র রক্ষার জন্য দলমত নির্বিশেষ সকলকে আন্দোলনে নামার আহ্বান জানান মির্জা ফখরুল।
Posted ২৩:০৯ | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin