ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ | প্রিন্ট
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। গ্রুপ পর্ব ও সুপার এইটে দায়িত্ব পালন করেছেন দুই বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল।
তবে সেমিফাইনালের ম্যাচে তাদের কাউকে রাখা হয়নি। আগামী বুধবার (৪ মার্চ) প্রথম সেমিফাইনালে কলকাতার ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে রিচার্ড ইলিংওর্থ ও অ্যালেক্স ওয়ার্ফকে। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকছেন নিতিনি মেনন। ম্যাচে চতুর্থ আম্পায়ার রড টাকার ও ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জাভাগাল শ্রীনাথ।
এছাড়া বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন ক্রিস গ্যাফনি ও আলাউদ্দিন পালেকার। ম্যাচের তৃতীয় আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন পল রেইফেল এবং ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট।
আগামী ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের ফাইনাল। এই ম্যাচের অফিসিয়ালদের তালিকা অবশ্য এখনো প্রকাশ করেনি আইসিসি।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিল ২০ দল। সেখান থেকে গ্রুপ পর্ব ও সুপার এইট পর্ব পেরিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে চার দল— ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারত।
Posted ০৮:২০ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain