| বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
নির্বাচনের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ । কমিশনের সিদ্ধান্ত হলে যেকোনো সময় সেনাবাহিনী মোতায়েন করা হবে। তিনি বলেন, প্রথমে দেশের দূর্গম এলাকায় সেনাবাহিনী নামানো হবে।
বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শিগগিরই তাঁরা বৈঠক করবেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর কাজী রকিব উদ্দিন আহমেদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার পর ক্ষমতাসীন জোট নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি চালিয়ে গেলেও প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোট নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। সামপ্রতিক সময়ে নির্বাচনের তফসিল স্থগিত করার জন্যও সরকারের কাছে দাবি জানিয়েছে তারা।
অন্যদিকে মহাজোটের অংশীদার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে নির্বাচনে অংশ নেওয়া নিয়ে তৈরি হয়েছে নানা জটিলতা। প্রথমে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রস্তুতি নিলেও মনোনয়নপত্র জমা দেয়ার পর নাটকীয়ভাবে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন এরশাদ।
এ নিয়ে প্রথমে কাজী জাফর আহমেদের সঙ্গে এরশাদের বিরোধ তৈরি হলে পাল্টা জাতীয় পার্টি গঠনের ঘোষণা দেন কাজী জাফর।
নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণার পর রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদসহ অন্যদের সঙ্গে মতবিরোধ তৈরি হয় এরশাদের।
অবশ্য বৃহস্পতিবার নির্বাচন কমিশনে চিঠি দিয়ে কাউকে লাঙ্গল প্রতীক বরাদ্দ না দেওয়ার অনুরোধ জানান এরশাদ।
Posted ১৬:২৯ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin