| সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, ‘সুপ্রিমকোর্ট তো শেষ। বারোটা বেজে গেছে। সুপ্রিমকোর্টের জানাজা হয়ে গেছে।’ তিনি বলেন ‘এখন তো মহীউদ্দীন খান আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী নেই। এখন প্রধানমন্ত্রী নিজেই এই মন্ত্রণালয়ের দায়িত্বে। তিনি বঙ্গবন্ধুর মেয়ে। তিনি যদি এই (সুপ্রিমকোর্টে হামলা) নির্দেশ দিয়ে থাকেন, তাহলে সেটা আমাদের জন্য দুঃখজনক। গতকাল সোমবার সুপ্রিমকোর্টে এক আইনজীবীর জানাজা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।’
‘মার্চ ফর ডেমোক্রেসি’ সম্পর্কে তিনি বলেন, ‘এই মার্চ ফর ডেমোক্রেসি করতে দিলে কী অপরাধ হতো। এটা করা কোনো অপরাধ নয়। কী অদ্ভুত বিষয়। বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে দেয়া হয়েছে। এটা নাকি গণতন্ত্র। এটাই যদি গণতন্ত্র হয়, তাহলে এমন গণতন্ত্র আমরা চাই না।’
রফিক-উল হক বলেন, ‘সবাই বলছে, নির্বাচন পিছিয়ে দিন। কিন্তু আওয়ামী লীগ নির্বাচন না পেছাতে দৃঢ়প্রতিজ্ঞ। এটা সিলেকশনের চেয়েও খারাপ। দুই নেত্রী একে অন্যকে দেখতে পারেন না। একজন আরেকজনকে সম্বোধনও করেন না।’
তিনি আরও বলেন, ‘এমন আইন করতে হবে, যেন দু’বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে না পারেন। বিএনপি নির্বাচনে আসতে রাজি থাকলে, নির্বাচন অবশ্যই পেছাতে হবে। বিদেশিরা এখানে এসে নির্দেশনা দিলে আমাদের গলায় দড়ি দেয়া উচিত।’
Posted ১৪:৫৭ | সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin