| বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্কর মৃত্যু রহস্য ঘোলাটে হল। ফরেনসিক রিপোর্টে তার হাতে গভীর কামড়ানোর চিহ্নের কথা উল্লেখ করা হয়েছে। সুনন্দার মৃত্যুর সাম্প্রতিক ফরেনসিক রিপোর্ট অনুযায়ী তার মৃত্যুর আগে ধস্তাধস্তি হওয়ার প্রমাণ পাওয়া গেছে। ধস্তাধস্তির ফলেই তার হাত, থুতনি ও গলায় অসংখ্য ক্ষত চিহ্ন হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুনন্দা পুষ্করের ময়নাতদন্তের রিপোর্ট অবশ্য বলছে অতিরিক্ত পরিমাণে ওষুধ গ্রহণের মাধ্যমে শরীরে বিষক্রিয়া হয়েই তিনি মারা যান। ধস্তাধস্তির চিহ্নগুলিকে হালকা আঘাত বলেই উল্লেখ করা হয়েছে অটোপসি রিপোর্টে।
দিল্লি পুলিসকে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সুনন্দা পুষ্করের মৃত্যু হত্যা না আত্মহত্যা তা নিয়ে তদন্ত করতে নির্দেশ দেয়ায় দিল্লী পুলিশের তদন্তে এই ধস্তাধস্তির চিহ্ন প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। তদন্তের স্বার্থে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির কাছে সুনন্দা পুষ্করের ভিসেরা রিপোর্ট যত দ্রুত সম্ভব দেয়ার অনুরোধ করেছে পুলিশ। শারদ পাওয়ারের দল এনসিপি নেতা ডিপি ত্রিপাঠি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মন্ত্রিত্ব থেকে শশী থারুরের পদত্যাগ দাবি করেছেন। যদিও কংগ্রেসের পক্ষ থেকে কোনও রকম পদত্যাগের ঘটনা অস্বীকার করা হয়েছে।
Posted ১৩:১৪ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin