| রবিবার, ২৩ মার্চ ২০১৪ | প্রিন্ট
২৩ মার্চ: ব্যালট পেপার ছিনতাই, সংঘর্ষ, ভোটকেন্দ্র দখল, হতাহত ও ৩২টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হওয়ার বিষয়টি স্বীকার করলেও সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আব্দুল মোবারক।
রোববার বিকেল সোয়া ৬টায় নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সহিংসতার কথা স্বীকার করে সিইসি বলেন, ‘জয়ী হওয়ার অদম্য স্পৃহা ও সন্তুষ্টির অভাব এবং আমাকে জয়ী হতেই হবে প্রার্থীদের এমন মনোভাবের কারণেই সহিংসতা বাড়ছে। নির্বাচনে যে সহিংসতা ও গোলযোগ হয়েছে এ কারণে আমারা ৩২টি কেন্দ্র স্থগিত করে দিয়েছি। আরো দু’একটি বাড়তে পারে।’
তিনি আরো বলেন, ‘সারাদিন আমাদের কাছে ফোন ও ফ্যাক্সের মাধ্যমে অনেক অভিযোগ এসেছে। আমরা সেগুলোর মধ্যে যাচাই বাছাই ২০টি অভিযোগ আমলে নিয়েছি। সে অনুযায়ী রিটার্নিং অফিসারকে ব্যবস্থা নিতে বলেছি।’
নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিলে সহিংসহা কমতো কি না- এমন প্রশ্নে ভারপ্রাপ্ত সিইসি বলেন, ‘বিচারিক ক্ষমতা দেয়ার কোনো আইন নেই। কিন্তু কিছু কিছু সংবাদ মাধ্যম আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছে, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া হয়েছে এমন সংবাদ প্রচার করেছে।’
রোববার চতুর্থ দফার ভোটগ্রহণের ব্যাপক সহিংসতা ঘটেছে। নিহত হয়েছে চার জন। ভোট গ্রহণের সময় কেন্দ্রে সহিংসতার ঘটনায় ৩২টি কেন্দ্রে প্রিজাইডিং অফিসাররা ভোট গ্রহণ স্থগিত করেছেন।
Posted ১৮:০৫ | রবিবার, ২৩ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin