| শনিবার, ০৫ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
৫ এপ্রিল: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, “সাইবার যুদ্ধ শুরু হয়ে গেছে। এ ব্যাপারে আমাদের গুরুত্ব দিতে হবে। স্বাধীনতাবিরোধীদের অপপ্রচারে তরুণ প্রজন্ম যাতে বিভ্রান্ত না হয় সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে, আমাদের প্রস্তুতি নিতে হবে।”
শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আশরাফুল ইসলাম বলেন, “সাইবার যুদ্ধ শুরু হয়ে গেছে। স্বাধীনতা ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে স্বাধীনতাবিরোধীরা সাইবার অপপ্রচার চালাচ্ছে।”
আশরাফ বলেন, “প্রতিষ্ঠিত জাতীয় দৈনিকের ব্লগে ঢুকতে হলে রেজিস্ট্রেশন লাগে। অথচ ইদানিং লক্ষ্য করা যাচ্ছে দেশের বেশির ভাগ বহুল প্রচারিত ইংরেজি ও বাংলা জাতীয় দৈনিকের ওয়েবসাইটে গেলে দেখা যায় ম্যাক্সিমাম ব্লগার ইসলামী ছাত্র শিবিরের ও মৌলবাদী আর্দশে বিশ্বাসী।”
তিনি বলেন, “যেকোনো বিষয়ে ভোট দিলে দেখবেন ৯০ শতাংশ ওদের বাকি ১০ শতাংশ ভোট আমাদের পক্ষে। তারা এইভাবে ব্লগগুলো দখল করে আছে। শুধু দেশে না বিদেশ থেকেও তারা এটা করছে। এরা একটা বিশাল চক্র।”
সাইবার যুদ্ধ শুরু হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, “ব্লগগুলোতে বেশির ভাগ ইয়াংম্যান। তাদের মাইন্ডগুলো যাতে বিকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে না পারে সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। এ বিষয়ে আমাদের কার্যকরী ভূমিকা রাখা প্রয়োজন। সাইবার যুদ্ধ শুরু হয়ে গেছে এ ব্যাপারে আমাদের গুরুত্ব দিতে হবে।”
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
Posted ১৮:১৯ | শনিবার, ০৫ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin