| শনিবার, ০৪ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ দেশবাসীর কাছে ভোট চেয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সার্থক উত্তরসূরী শেখ হাসিনার মার্কা নৌকা। নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে আরেকবার নির্বাচিত করে দেশ সেবার সুযোগ দিন। গণতন্ত্র ও সাংবিধানিক শাসন ব্যবস্থা অক্ষুন্ন রাখতে এ নির্বাচনের কোনো বিকল্প নেই।
শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় আগামীকালের নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য দেশবাসীর প্রতি আহবান জানান তিনি।
খালেদা জিয়া বন্দি নন উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, প্রধান বিরোধী দল বিএনপি চিহ্নিত স্বাধীনতা বিরোধী জাতিদ্রোহী ‘জামাতিদের’ সাথে মিলিতভাবে গণতান্ত্রিক অভিযাত্রাকে বিপর্যস্ত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। হত্যা, সন্ত্রাস, অগ্নিসংযোগ, বোমা, পেট্রোলবোমা নিক্ষেপ করে ব্যক্তি মালিকানাধীন পরিবহন, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টসহ নানাবিধ নাশকতামূলক অন্তর্ঘাতমূলক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া নির্বাচনের প্রাক্কালে অতীতের মতো গতকালও এক দূরভিসন্ধিমূলক বিবৃতি প্রদান করেছেন, যা দেশবাসীর আশা আকাংখার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। একদিকে তিনি বিবৃতি প্রদান করে রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করছেন, অপরদিকে নিজেকে অবরুদ্ধ ও গৃহবন্দী দাবি করে মূলতঃ প্রতারণার পথ বেছে নিয়েছেন।
বিএনপির সিনিয়র ভাইস- চেয়ারম্যান তারেক রহমানের কঠোর সমালোচনা করে তিনি বলেন, দুর্নীতি মামলায় অভিযুক্ত তারেক রহমান বর্তমান গণতান্ত্রিক সরকার সম্পর্কে মিথ্যাচার ও নির্বাচন বানচালের জন্য সন্ত্রাসী জঙ্গিদের উস্কানি দেয়ার চেষ্টা করেছেন।
তিনি বলেন, ২০০১ সালের অক্টোবরের ভোট ডাকাতি ও কারচুপির নির্বাচনে বিএনপি-জামাত জোট জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতা দখল করার পর এই তারেক রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হত্যা, ধর্ষণ, লুণ্ঠনসহ ভিন্ন রাজনৈতিক মতাবলম্বীদের উপর নিষ্ঠুর অত্যাচার, নির্যাতন করে বাংলাদেশকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছিল।
তোফায়েল বলেন, আইনের দৃষ্টিতে পলাতক তারেক রহমান বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গণতন্ত্রকে হত্যার অপতৎপরতা চালাচ্ছেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র প্রিয় দেশবাসীর কাংখিত শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা, উন্নয়ন, অগ্রগতি ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বাধাগ্রস্ত করবেন না। গণতান্ত্রিক, রাজনীতির অনুশীলন ও সংস্কৃতিতে ফিরে আসুন।
Posted ০৮:১১ | শনিবার, ০৪ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin