| বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা: সম্প্রতি গঠিত নির্বাচনকালীন সরকার “সর্বদলীয়” নয় বরং মহাজোটের সরকার হয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না বলেও মনে করেন তিনি।
বৃহস্পতিবার নির্বাচনকালীন সরকারে অংশগ্রহণ নিয়ে বাংলামেইলের সঙ্গে আলাপকালে এ কথা বলেছেন বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অন্যতম শরিক দল এলডিপির চেয়ারম্যান অলি আহমদ।
অলি আহমদ বলেন, ‘সরকারের মন্ত্রী পর্যায়ের একাধিক জন আমাকে নির্বাচনকালীন সরকারে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু আমি তাদের আহ্বানে সাড়া দেইনি।’
তবে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট নির্বাচনকালীন সরকারে অংশ নিতে জোটগতভাবে সিদ্ধান্ত নিলে তখন অংশ নেবেন বলেও জানান অলি।
এদিকে একটি অনলাইন সংবাদমাধ্যমে অলি আহমদ সর্বদলীয় সরকারে যেতে পাঁচ কোটি টাকা দাবি করেছেন এমন সংবাদ প্রকাশিত হয়। সেখানে আরও বলা হয় কর্নেল অলি নির্বাচনে দু’টি আসনও চেয়েছেন।
এ প্রসঙ্গে কর্নেল ওলি বলেন, ‘মিথ্যা সংবাদ পরিবেশন ঘৃণীত কাজ। ইসলামের দৃষ্টিতে মহাপাপ। আমি বেঈমানও নই, মুনাফেকও নই। কারো সঙ্গে টাকা-পয়সা নিয়ে দেন-দরবার করিনি। কারো প্রলোভনে সাড়া দেয়ার লোকও আমি নই। আমি ঈমান নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত বেঁচে থাকতে চাই।’
তিনি আরও বলেন, ‘সরকারের মন্ত্রী পর্যায়ের একাধিক নেতা আমার কাছে এসেছেন। তারা আমাকে নির্বাচনে সিট দেয়ার আশ্বাস দিয়েছেন, এমনকি নির্বাচনের খরচ দেয়ার কথা বলেছেন। আমিও তাদের বলে দিয়েছি এই বিষয়ে আলোচনা করতে মোটেও আগ্রহী নই।’
বিভিন্ন সুত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর রাতে অলি আহমদের রাজধানীর মহাখালীর ডিওএইচএসের বাসায় গিয়েছিলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অন্যতম শরিক অলি আহমদ বরং নির্বাচনকালীন সরকারের প্রধানের দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানান।
অলি আহমদ বলেন, ‘অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব রাজনৈতিক দল ঐক্যমতে আসলে নির্বাচনকালীন সরকারের প্রধানের দায়িত্ব নিতে প্রস্তুত আছি। নির্বাচনকালীন সরকারের প্রধান হলে সব রাজনৈতিক দলকে নির্বাচনে আনার দায়িত্ব আমি নেবো। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের হয়ে কাজ করবো।’
এদিকে সাবেক সেনা প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হুসেইন মুহাম্মদ এরশাদের মহাজোট ছেড়ে নির্বাচনকালীন সরকারে অংশগ্রহণ প্রসঙ্গে অলি বলেন, ‘কয়েকদিন আগে একটি পত্রিকায় তাকে (এরশাদ) কোরবানির ষাঁড় হিসেবে কার্টুন প্রকাশ হয়েছে। আমি ষাঁড়ও নই বলদও নই, আমি মানুষ হিসেবে থাকতে চাই।
Posted ২০:৩৩ | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin