| শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা: নির্বাচন নিয়ে সরকার ও এরশাদ নাটক করছেন মন্তব্য করে বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, তবে তা ইতিহাসের অত্যন্ত নিম্নমানের নাটক।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টি (জাফর) আয়োজিত ‘নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন’ শীর্ষক বিশেষ কাউন্সিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অবরোধ কর্মসূচি প্রত্যাহার ও নৈরাজ্য বন্ধ করে বিরোধী দলকে নির্বাচনে যেতে হবে-প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে বদরুদ্দোজা চৌধুরী বলেন, “বিরোধী দল যদি প্রধানমন্ত্রীর এ কথা অনুযায়ী তাদের কর্মসূচি থেকে পিছপা হয় এবং কর্মসূচি প্রত্যাহার করে নির্বাচনে অংশ নেয়, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমি রাজনীতি ছেড়ে দেব।”
দেশে কোনো গণতান্ত্রিক সরকার নেই মন্তব্য করে বি চৌধুরী বলেন, যে সরকারের মধ্যে গণতন্ত্র ও দেশপ্রেম নেই, যারা প্রধান বিরোধী দলের দাবি কর্ণপাত না করে তাদের প্রতিবাদের ভাষা কেড়ে নেয়, একতরফা নির্বাচনের আয়োজন করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তাদের মুখে গণতন্ত্র মানায় না।
স্বৈরাচার সরকার পতনের আন্দোলন শুরু হয়েছে মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ.সম আব্দুর রব দেশবাসীর উদ্দেশে বলেন, “সবাই প্রস্তুত থাকুন। লড়াই শুরু হয়েছে। এ লড়াই গণতন্ত্র, অর্থনীতি, মানবাধিকার ও ভাতের জন্য লড়াই। এ লড়াইয়ে জয়ী হতে না পারলে আমাদের মৌলিক অধিকার বলতে কিছু থাকবে না। সবকিছু একজন ব্যক্তির হাতে জিম্মি হবে।। দেশে বাকশাল কায়েম হয়ে যাবে।”
শেখ হাসিনাকে উদ্দেশ করে রব বলেন, “আপনি যেটা করছেন, সেটা রাজনীতি নয়, দলবাজি। এখনো সময় আছে, সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসুন। অন্যথায় আপনাদের পতনের ভয়াবহ চিত্র কল্পনাও করতে পরবেন না।”
কাজী জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো ছিলেন সাবেক জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, খেলাফত মজলিশের নেতা মাওলানা আব্দুর রব ইউসুফী প্রমুখ।
Posted ২১:৩৮ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin