| বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা, ২৫ ডিসেম্বর : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমদ বলেছেন, রাজধানীতে ২৯ ডিসেম্বর বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে এখনই কোনো সিদ্ধান্তের কথা বলা যাচ্ছে না। এছাড়া এখনই এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না বলেও জানান তিনি।
বুধবার বড় তিন উপলক্ষে রাজধানীর ইস্কাটন রোডের সাধু থোমার গীর্জা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিভিন্ন দিক বিবেচনা করে সমাবেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনই এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বাড়ির সামনে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির বিষয়ে তিনি বলেন, এটা স্বাভাবিক নিরাপত্তারই অংশ। কোনো নাশকতার আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়েছে কিনা-এমন প্রশ্নে তিনি বলেন, না, সেরকম কিছু না।তিনি বলেন, যারা পুলিশের উপর হামলা করে তারা ঘাতক, দেশ বিরোধী। দেশের সাধারণ মানুষকে নিয়ে তাদের মোকাবেলা করা হবে। যারা পুলিশকে হামলা করে তারা রাষ্ট্রকে হামলা করে। এসব ঘাতকদের এদেশে জায়গা হবে না। সবাইকে মনে রাখতে হবে, পুলিশ কোনো পার্টি নয়।
বেনজীর বলেন, দেশের নিরাপত্তা ব্যবস্থা ঠিকই আছে। যদি নিরাপত্তা ব্যবস্থা ঠিক না থাকতো তাহলে এদেশে ঘাতকরা রাজত্ব করতো। আমরা কেউ এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। হতাশার কোনো কারণ নেই। আমরা সবার নিরাপত্তার বিষয়ই মাথায় রেখেছি।
Posted ২২:৩২ | বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin