| সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা : সমঝোতায় জন্য বিদেশীরা যতই চেষ্টা করুক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারণে তা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
কামরুল ইসলাম বলেন, “আলোচনা হচ্ছে। আমরাও চেষ্টা করছি, বিদেশীরাও চেষ্টা করছেন।কিন্তু তারা নির্বাচনে আসবে না। তাই সমঝোতাও চায় না।”
সোমবার বিকেলে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের জরুরি বৈঠকে তিনি এসব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, “তাদের (বিএনপি) টার্গেট নির্বাচন বা তত্ত্বাবধায়ক সরকার না। তাদের টার্গেট যুদ্ধাপরাধীদের রক্ষা করা, দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। তারা আসলে আইএসআইয়ের পেসক্রিপশন বাস্তবায়ন করতে চায়।”
মানবতাবিরোধী অপরাধে দন্ডপ্রাপ্ত জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় যে কোনো সময় কার্যকর হবে জানিয়ে আইন প্রতিমন্ত্রী বলেন, “আমরা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি। অনেকগুলো রায় হয়ে গেছে।আরো রায় হবে। কাদের মোল্লার পূর্নাঙ্গ রায় হয়েছে। তার রায় সময়ের ব্যাপার মাত্র। আমরা তাদের (জামায়াত)আস্ফালন দেখতে চাই না।”
এসময় রায় কার্যকরকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত যাতে কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে না পারে সে জন্যে মহানগরের প্রতিটি পাড়ায় মহল্লায় ‘বিজয় মঞ্চ’ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
কামরুল ইসলাম বলেন, “বিজয়ের মাসে রাজাকারদের লাফালাফি করতে দেয়া হবে না। তারা দেশকে জিম্মি করে রাখবে আর আওয়ামী লীগ মুখ বুঝে সহ্য করবে তা হবে না। আমরা মায়া ভাইয়ের নেতৃত্বে এই বিজয়ের মাসে তাদের কোনো কর্মসূচি পালন করতে দেবো না।”
কামরুল বলেন, “আমরা যুদ্ধপরাধীদের বিচার শুরু করেছি। আর তারা যুদ্ধ ঘোষণা করেছে। আমরা ৭১’র চেয়ে ভয়াবহ যুদ্ধে লিপ্ত হয়েছি। দেশে মুক্তিযুদ্ধের পক্ষে ও বিপক্ষে এই দুইটি শক্তি রযেছে। এই যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতাবিরোধী শক্তিকে ‘কতল’ করতে চাই।”
অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মহানগর আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করেন। এ কর্মসূচি বাস্তবায়নে নগর আওয়ামী লীগ বৃহস্পতিবার জরুরি বৈঠক ডেকেছে।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, সহসভাপতি ফয়েজউদ্দিন মিয়া, সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, যুগ্মা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দফতর সম্পাদক শহিদুল ইসলাম মিলন প্রমুখ।
Posted ১৩:৪১ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin