| বুধবার, ২৯ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ঢাকা: সংঘাত ও নৈরাজ্যের পথ পরিহার করে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে নির্বাচন বর্জনকারী দলগুলোকে অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, “নির্বাচন পদ্ধতি পরিবর্তনের আন্দোলনের নামে সন্ত্রাস ও হিংসার রাজনীতি কখনো দেশ, সমাজ ও অর্থনীতির জন্য কল্যাণকর হতে পারে না। বরং তা রাজনৈতিক পরিবেশকে তমসাচ্ছন্ন করে তোলে।”
বুধবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতির নির্ধারিত বক্তৃতায় তিনি এই কথা বলেন। এ সময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত দশম জাতীয় সংসদ গণতন্ত্র, উন্নয়ন, আইনের শাসন ও সংবিধানের ধারাবাহিকতা রক্ষার অতন্দ্র প্রহরী হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
গণতান্ত্রিক ধারাবাহিকতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “জাতীয় ঐকমত্য ছাড়া শান্তি ও সমৃদ্ধি স্থায়ী রূপ পেতে পারে না।” আর এ জন্য তিনি সব রাজনৈতিক দল, শ্রেণী ও পেশানির্বিশেষে সবার ঐকমত্য গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, “নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, কর্মচঞ্চল, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ সবার কাম্য। দেশ গড়ায় সরকারের পাশাপাশি বিরোধী দলেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।” তিনি হতাশা প্রকাশ করে বলেন, “পরিতাপের বিষয়, এ কর্মযজ্ঞে সব দলের পক্ষ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যায়নি। কোনো কোনো বিরোধী রাজনৈতিক দলের দায়িত্বহীন আচরণ দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বারবার বাধাগ্রস্ত করেছে।”
আবদুল হামিদ আশঙ্কা প্রকাশ করে বলেন, “গণতন্ত্র নস্যাৎ করার ষড়যন্ত্র এবং যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার হীন তৎপরতা দেশে কৃত্রিম বিভাজন ও সংশয় সৃষ্টি করতে পারে। এ প্রেক্ষাপটে বহু ত্যাগের বিনিময়ে আর্জিত গণতান্ত্রিক অগ্রযাত্রা যাতে ব্যাহত না হয়, সে জন্য দেশবাসীকে সদা-সতর্ক ও সজাগ থাকতে হবে।”
রাষ্ট্রপতি বলেন, “নতুন সরকার দায়িত্ব নেয়ার পর জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে নতুন প্রাণ সঞ্চারিত হয়েছে। আমি আশা করি, বিভিন্ন ক্ষেত্রে সরকারের গৃহীত নানামুখী উদ্যোগ আরো সুসংহত ও গতিশীল হবে। সরকার জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা দূর করে রাষ্ট্র ও সমাজজীবনে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখব।”
রাষ্ট্রপতি তার ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত সরকারের নেয়া বিভিন্ন কার্যক্রম ও সাফল্য তুলে ধরেন। ওই সরকার সফল ছিল বলে তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ প্রায় সব সাংসদ।
Posted ১৮:৫৯ | বুধবার, ২৯ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin