বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ সম্মেলনে শেখ হাসিনা : পার্সেন্টেজ জানি না, ভোট যা পড়েছে তাই যথেষ্ট

  |   সোমবার, ০৬ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

shongbad-sommelone-sheik

ভোটারবিহীন প্রহসনের নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে বিরোধী দলকে আরও কঠোর হাতে দমনের হুমকি দিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তুচ্ছ-তাচ্ছিল্যভরে বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন সম্পর্কে বলেছেন, ‘তিনি এখন আর বিরোধী নেত্রীর চেয়ারেও বসতে পারবেন না, উনি একূল-ওকূল দু-কূলই হারিয়েছে’।

ভোটারদের প্রতিও অবজ্ঞা প্রদর্শন করেছেন তিনি। বলেছেন, যে সংখ্যক ভোটার এসেছেন তাতেই আমি সন্তুষ্ট, যে ভোট পড়েছে তা-ই যথেষ্ট। পরবর্তী নির্বাচনের ব্যাপারে আলোচনার আহবান জানালেও তা ছিল শর্তযুক্ত। বলেছেন, জামায়াতকে না ছাড়লে আলোচনা করা যাবে না।
গতকাল সোমবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বেশ উচ্ছ্বাস প্রকাশে প্রয়াসী ছিলেন। স্বভাবসুলভ বিরোধী দলের বিষোদগার করেছেন বক্তব্যের বহুলাংশজুড়ে। তৃপ্তির ঢেকুর তুলেছেন যেনতেনভাবে একটি নির্বাচনী বৈতরণী পার হতে পেরে। আওয়ামী ঘরানার সাংবাদিকদের স্তুতিভরা কয়েকটি প্রশ্নের উত্তর দেয়ার সময়ও ছিলেন আক্রমণাত্মক।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামীতে আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়ে বলেন, যারা নির্বাচন বানচালের নামে জানমালের ক্ষতি করছে, হরতাল অবরোধ দিয়ে মানুষ পুড়িয়ে মারছে, ভাংচুর করেছে তাদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কাউকেই ছাড় দেয়া হবে ন। তিনি বলেন, তার নির্বাচিত সরকারের প্রথম কাজ হবে যে কোনো মূল্যে দেশের জনগণের জানমাল ও রাষ্ট্রের সম্পদ সুরক্ষা করা। নাগরিকদের স্বাভাবিক জনজীবন সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে। আমি নির্বাচনোত্তর যে কোনো সন্ত্রাস ও সহিংসতা কঠোর হাতে দমন করার জন্য প্রশাসন, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দিচ্ছি।
লিখিত বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ায় তার নির্বাচনকালীন সরকার, দল ও জোটের পক্ষ থেকে দেশবাসীকে অভিনন্দন জানান। রাজনৈতিক স্থিতিশীলতা, সাংবিধানিক প্রক্রিয়া ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আন্তর্জাতিক মহলের সহযোগিতা কামনা করেন। পরে সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দেন তিনি। দেশি-বিদেশি সাংবাদিক ও দলের বিভিন্ন পর্যায়ের নেতা ও সর্বদলীয় সরকারের মন্ত্রীরা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিকেল সোয়া ৪টায় গণভবনের ভেতর থেকে বের হন প্রধানমন্ত্রী। সাড়ে ৪টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়তে শুরু করেন তিনি। পরে বিভিন্ন প্রশ্নের জবাব দেন শেখ হাসিনা। ৩৮ মিনিট ধরে কথা বলেন প্রধানমন্ত্রী। প্রশ্নবাণ ঠেকাতে চার দফা চা ঠাণ্ডা হয়ে যাচ্ছে এমন অজুহাত তোলেন প্রধানমন্ত্রী।
১১তম সংসদ নির্বাচন মধ্যবর্তী নির্বাচন হবে কিনা ও রাজনৈতিক আলোচনার কোনো উদ্যোগ নতুন করে নেয়া হবে কিনা এমন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, আগামী যখনই আসবে নির্বাচন হবে। আমিতো আগামীর কথা বলেছি। আমি বলেছি আগামী নির্বাচন।
খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, উনি তো একূল-ওকূল দুই কূলই হারিয়েছেন। বাংলাদেশের জনগণের বৃহত্তর স্বার্থে আমি আলোচনায় রাজি। এটা এখন তার (খালেদা জিয়া) ওপর নির্ভর করছে। আগামী সংসদ যখন গঠন হচ্ছে উনি তো বিরোধীদলীয় নেত্রীও থাকছেন না। তিনি বলেন, আমি বিরোধীদলীয় নেত্রীসহ সবাইকে আবার আহ্বান জানাই, সন্ত্রাস ও সহিংসতা পরিহার করে যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদী জামায়াতের সঙ্গ ত্যাগ করে শান্তিপূর্ণ আলোচনায় আসুন। আগামী নির্বাচন সম্পর্কে আলোচনা করেই সমাধান করা যাবে। সেজন্য সকলকে ধৈর্য্য ধরতে হবে, সহনশীল হতে হবে এবং সকল প্রকার রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হবে। তিনি বলেন, দেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়, গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখতে চায়।
এ সময় বিরোধী দলের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, যুদ্ধাপরাধী জঙ্গিবাদীদের সঙ্গ বিএনপিকে ছাড়তে হবে। তাহলেই আলোচনা হবে। বিএনপির ঘাড়ে যতক্ষণ এরা থাকবে, আলোচনা হবে না। তারা সুষ্ঠু চিন্তা করতে পারবে না।
দশম সংসদ নির্বাচনে সহিংসতা নিয়ে অপর প্রশ্নে তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। ১৮ হাজারেরও বেশি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মাত্র কিছু ভোট কেন্দ্রে সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। তিনি বলেন, এ নির্বাচন নিয়ে অভিযোগ উঠতে পারে বিশ্বাস করি না। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। যারা নির্বাচনে অংশ নেয়নি তাদের জন্য কেউ কাঁদছে বা কাঁদবে বিশ্বাস করি না।
নির্বাচনে ভোটারদের নিরাপত্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, অবশ্যই আমরা ভোটারদের নিরাপত্তা দিতে পেরেছি। তবে কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। এসব সহিংসতাকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অবশ্যই আইনসম্মতভাবে বিচার হবে। যারা জনগণের জান-মাল নিয়ে খেলবে তাদের ছাড়া হবে না।
তিনি বলেন, জামায়াত-শিবির ও বিএনপি পুরো নির্বাচন বানচাল করতে চেয়েছিল। বিএনপি নেত্রী বলেছিলেন ‘কেউ ভোট কেন্দ্রে যাবেন না’, তার কথায় জনগণ সাড়া দেয়নি।
কত শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছে এমন এক প্রশ্নে বলেন, সব ফলাফল এখনও আসেনি। আসলে বলা যাবে। তবে জনগণ ভোট দিতে পেরেছে, যতটুকু পেরেছে ততটুকুতেই সন্তুষ্ট। যা দিয়েছে তা-ই যথেষ্ট।
ঐকমত্যের সরকার প্রসঙ্গে তিনি বলেন, ঐক্য আমাদের আছে। যারা স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষের শক্তি সেই দলগুলোই নির্বাচনে অংশ নিয়েছে। সরকার গঠন জোটের সঙ্গে আলোচনা করেই সরকার গঠন করব। সবাইকে নিয়ে সরকার গঠন করতে আমার আপত্তি নেই। এ সময় মহাজোট ও এরশাদ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উনি ভালো আছেন, গলফ খেলছেন। মহাজোট তো ‘মহা’!
জামায়াত নিষিদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতকে উচ্চ আদালত রায় দিয়েছে জঙ্গিবাদ হিসেবে। নিষিদ্ধের ব্যাপারে উচ্চ আদালতে একটি রিট আছে। রিটের নিষপত্তি না হওয়া পর্যন্ত মন্তব্য করব না।
নির্বাচনকে কেন্দ্র করে দেশের প্রতি কোনো ধরনের ‘অবরোধ’ আসতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, কিসের নিষেধাজ্ঞা? বাংলাদেশ কী অপরাধ করেছে যে নিষেধাজ্ঞা হবে? বিশ্বের বহু দেশে এর চেয়ে খারাপ অবস্থায় নির্বাচন হয়েছে। সেগুলো গ্রহণযোগ্যতা পেয়েছে। এসব বিষয় নিয়ে যারা দুশ্চিন্তা (টেন্স) ছড়াতে চায়, তারা বাংলাদেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। যারা গণতন্ত্র ও বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না তাদের মাথায় এ চিন্তা আছে।
হলফনামায় প্রকাশিত মহাজোট সরকারের মন্ত্রীদের অঢেল সম্পদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, কেউ যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, নিশ্চয়ই ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, গত পাঁচ বছরে আমাদের সরকারের সময় সবারই মাথাপিছু আয় বেড়েছে। অর্থ-সম্পদ অর্জন প্রত্যেকেরই বেড়েছে। তবে কেউ যদি অস্বাভাবিকভাবে অর্থ-সম্পদ বাড়িয়ে থাকেন, দুদক আছে ব্যবস্থা নেবে।
এ বিষয়ে ব্যাখ্যা করে তিনি বলেন, আমার বিয়ের সময় স্বর্ণের ভরি ছিল ১৩০ টাকা। এ সময়ে সেই স্বর্ণের মূল্য অনেক বেড়েছে। কে কীভাবে বিষয়টা উপস্থাপন করেছে সেটা দেখার বিষয়। যাদের বিরুদ্ধে দুর্নীতির তথ্য বেরিয়েছে তারা যদি নিজেদের আত্মপক্ষ সমর্থন (ডিফেন্স) করতে না পারেন, যা করার তা করব। দুর্নীতিকে আমরা কখনো প্রশ্রয় দেইনি। আমাদের সরকারের আমলেই দুর্নীতি কমেছে। তিনি এও বলেন, আমি কোনো দুর্নীতিবাজকে ‘প্রটেকশন’ দিতে যাবো না।
মুক্তিযুদ্ধের পক্ষের সব দল নির্বাচনে অংশ নিয়েছে বলে প্রধানমন্ত্রীর মন্তব্য উদ্ধৃত করে এক সাংবাদিক নির্বাচন বর্জনকারী কমিউনিস্ট পার্টি মুক্তিযুদ্ধের বিপক্ষের কিনা জানতে চাইলে শেখ হাসিনা বলেন, ভালো-পাকা কমিউনিস্টগুলো আমি নিয়ে নিয়েছি। পচাগুলো রয়ে গেছে। কমিউনিস্ট পার্টি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে করতে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয়ে যাচ্ছে।
শেখ হাসিনা বলেন, এ নির্বাচনে জনগণ সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে শান্তি, সাংবিধানিক ধারা এবং গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছেন। এ নির্বাচনে বিজয় হয়েছে গণতন্ত্রের। পরাজয় হয়েছে গণতন্ত্র ও স্বাধীনতাবিরোধী শক্তির। তিনি বলেন, তাই আমি বলেছিলাম, এবারের নির্বাচন শুধু গণতন্ত্রের জন্যই, আমাদের ভবিষ্যত্ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেয়ার জন্য। তিনি বলেন, বিরোধী দল ও সবার অংশগ্রহণের মধ্য দিয়ে এ নির্বাচন আরও প্রতিযোগিতামূলক ও ইতিবাচক হতে পারত। আমাদের প্রত্যাশা ছিল প্রধান বিরোধী দল গণতন্ত্রকে সুসংহত করতে এবং সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনে অংশগ্রহণ করবে। এই লক্ষ্যে আমি বিরোধী দলীয় নেত্রীসহ সকলকে বারবার সংলাপ ও রাজনৈতিক সমঝোতার জন্য আহ্বান জানাই। আমার উদ্যোগ ও অনুরোধে সাড়া না দিয়ে সন্ত্রাস, সহিংসতা, নৈরাজ্য, নাশকতা ও ধ্বংসের পথ বেছে নিয়ে দেশকে অরাজকতা ও অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়ার জন্য ধ্বংসাত্মক কর্মসূচি জনগণের ওপর চাপিয়ে দিলেন।
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি আরো বলেন, স্বাধীনতাবিরোধী এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার কাজ অব্যাহত থাকবে। বিচারের রায় কার্যকর করা হবে। মৌলবাদ ও সাম্প্রদায়িক গোষ্ঠীকে কঠোরভাবে প্রতিহত করা হবে।

advertisement

Posted ১৬:৪৯ | সোমবার, ০৬ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com