| বুধবার, ২৬ মার্চ ২০১৪ | প্রিন্ট
‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা ‘উপেক্ষিত’ বলে অভিযোগ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির পক্ষে তিনি এ অভিযোগ করেন।
লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীতের আলোজনে বিএনপির সম্পৃক্ততা ছিল না কেন- জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, “এখানে কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল না। সরকারের উদ্যোগে একটা প্রোগ্রাম হয়েছে। আমি অবাক বিস্ময়ে দেখেছি এখানে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ ছিল না। স্বাধীনতা দিবসে যাদের প্রতি শ্রদ্ধা জানানো হলো সেই মুক্তিযোদ্ধারা ছিলেন না। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নাম নেই। তাই যেখানে মুক্তিযোদ্ধাদের উপেক্ষা করা হয়েছে সেখানে বিএনপি উপেক্ষিত হবে এটাইতো স্বাভাবিক।”
তিনি অভিযোগ করেন, “ক্ষমতার লোভে বর্তমান সরকার ভোটার ও প্রার্থীবিহীন নির্বাচনে ক্ষমতায় এসেছে। সে কারণে জনগণের প্রতি তাদের দায়িত্ববোধ নেই। যেখানে সেখানে বেওয়ারিশ লাশ পাওয়া যাচ্ছে। একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নেয়া হচ্ছে। বিদ্যুতের মূল্যবৃদ্ধির পর, এবার সড়ক পথে টোল আদায় করার সিদ্ধান্ত নিয়ে জনগণের আরেকটি দুর্ভোগ চাপানোর চেষ্টা করা হচ্ছে। দিনে দিনে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে।”
তিনি আরো বলেন, “মানুষের জীবনের নিরাপত্তার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। কিন্তু আজকে মানুষের জীবনের নিরাপত্তা নেই। এই অবস্থার মধ্য দিয়ে আমরা স্বাধীনতা দিবস পালন করছি।”
নজরুল বলেন, “আমরা স্বাধীনতার ঘোষকের মাজারে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিচ্ছি- খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা পূনঃপ্রতিষ্ঠা করা হবে।”
বিএনপি নেতাকর্মীদের নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, “দেশের এমন কোনো কারাগার নেই, যেখানে বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলায় কারাবরণ করছে না। দেশের এমন কোনো হাসপাতাল নেই যেখানে বিএনপি নেতাকর্মীরা আহত অবস্থায় নেই। এটাই কোন গণতন্ত্র, যেখানে একটি প্রধান রাজনৈতিক দলের মহাসচিবকে পাঁচবার গ্রেফতার করা হয়।” জাতি এ থেকে মুক্তি চায় বলেও দাবি করেন তিনি।
দেশের ক্রান্তিকাল চলছে দাবি করে তিনি বলেন, “স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনা এবং গণতান্ত্রিক পূণপ্রতিষ্ঠা করাই আজকের দিনের শপথ।” বেলা তিনটার দিকে মাজার প্রাঙ্গণে আসেন খালেদা জিয়া। পরে সেখানে ওলামা দলের আয়োজনে দোয়া মাহফিলে অংশ নেন। এরপর খালেদা জিয়া দলের নেতাকর্মীদের নিয়ে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
Posted ১৫:২৯ | বুধবার, ২৬ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin