| বুধবার, ০১ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
জাতীয় নির্বাচনের তিন দিন আগে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন বন্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে। এজন্য দেশবাসীকে সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। কেউ নির্বাচন বানচাল করতে এলে তাদের প্রতিহত করতেও ভোটারদের প্রতি আহ্বান রেখেছেন তিনি।
বুধবার মিরপুরে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী কারও নাম উল্লেখ না করে বলেন, তারা এক-এগারোর পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল। যারা কিংস পার্টি প্রতিষ্ঠা করেছিল তারা এখনও সরব। অগণতান্ত্রিক সরকার হলে তাদের চাহিদা বাড়ে। তাই তারা নিজেরাই নিজেদের বিশিষ্ট নাগরিক হিসেবে ঘোষণা করেছেন। মিরপুর ১০ নম্বরে আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এই নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়া ও নৌকায় ভোট দেয়ার আহবান জানান।
তিনি বলেন, মানুষ যা চায় আওয়ামী লীগ তা করে। আর মানুষ যা চায় বিএনপি করে তার উল্টো। যুদ্ধাপরাধীদের বাঁচানো, জঙ্গিবাদ, বোমা মেরে মানুষ হত্যা করা, জ্বালাও-পোড়াও তাদের রাজনীতি। বোমাবাজি ছাড়া তারা আর কিছু বোঝে না। স্থানীয় সংসদ সদস্য ও নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কামাল আহমেদ মজুমদারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ ও দলীয় এমপি আসলামুল হক আসলাম বক্তব্য রাখেন।
Posted ১৩:২৯ | বুধবার, ০১ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin