| মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদকে ‘বেহায়া নির্লজ্জ লোক’ বলে অভিহিত করেছেন বিকল্পধারার সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।‘নির্বাচনে কে আসল আর কে আসল না এ নিয়ে আমাদের মাথা ব্যথা নাই’ নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘রকিবউদ্দিন আরেকটা বেহায়া নির্লজ্জ লোক। সে সরকারের আজ্ঞাবহ। নির্বোধ কাণ্ডজ্ঞানহীনের মত কথা বলছেন। দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্যই তিনি এমন অনৈতিক বক্তব্য বলছেন।’
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কৃষক-শ্রমিক-জনতা লীগের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘বাংলাদেশে কি হতে যাচ্ছে তা নিয়ে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্ব আজ শঙ্কিত। দেশের শিক্ষক, বুদ্ধিজীবী, চিকিৎসক থেকে শুরু করে সাধারণ কৃষক-শ্রমিকেরাও উদ্বিগ্ন।’
সরকার জনগণের ঘৃণার ভাষা, রাজনীতির ভাষা এমনকি সাংবাদিকদের কলমের ভাষাও বোঝে না উল্লেখ করে তিনি বলেন, ‘সকল স্তরের জনগণ সরকাকে যে পরিহার করতে চলছে এটা সরকারের এখনও বোধোগম্য হয়নি। তবুও তারা ১৫৪ জনকে বিনা ভোটে জয়ী করে গর্ববোধ করছে।’ খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এতগুলো মানুষ মারা যাচ্ছে আপনার কি ভাবনা হয় না। আপনি এখনি এমন এক কর্মসূচি ঘোষণা করেন যে কর্মসূচিতে কোন মানুষ মরবেনা। কিন্তু আন্দোলনে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। আর গণতন্ত্র রক্ষায় সবাই সোচ্চার হবে।’
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে.(অব.) মাহবুবুর রহমান, কাজী জাফর, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব প্রমুখ।
Posted ২২:১৫ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin