| বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা, ২৬ ডিসেম্বর : ২৯ ডিসেম্বর ঢাকামুখী গণতন্ত্রের জন্য অভিযাত্রা কর্মসূচিতে যেখানে বাধা দেয়া হবে সেখানেই আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অল কমিউনিটি ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, দেশে যাতে সংঘাত ও সীমাহীন রক্তপাত না হয় সে জন্য বিএনপি চেয়ারপারসন আগামী ২৯ ডিসেম্বর যে কর্মসূচির ডাক দিয়েছে তা শান্তিপূর্ণভাবে পালন করতে দিন।
বিএনপি চেয়ারপারসনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে অভিযোগ করে এডভোকেট মাহবুব বলেন, বিরোধীদলীয় নেত্রীকে প্রায় অবরুদ্ধ করে রাখা হয়েছে। তার বাসভবন ও রাজনৈতিক কার্যালয়ে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।
নির্বাচন কমিশনকে সরকারের আজ্ঞাবাহ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবাহ হয়ে কাজ করছে। এ নির্বাচন কমিশনকে বাদ দিয়ে বর্তমান সংসদ ভেঙ্গে ৯০ দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করুন।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এডভোকেট মাহবুব বলেন, আন্দোলনের কোনো বিকল্প নেই। আমাদের গণতন্ত্র, মানুষের মুক্তি ও ভোটের অধিকারের জন্য আন্দোলন করতে হবে। এ জন্য সকলকে রাজপথে নেমে আসতে হবে।
আওয়ামী লীগকে ১১তম সংসদের স্বপ্ন বাদ দেয়ার আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, তফসিল বাতিল করে সমঝোতার ভিত্তিতে সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।
সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট আহমদ আজম খান, বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
Posted ২১:৫৬ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin