| বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
যুক্তরাজ্যের লন্ডনে এক সেমিনারে বক্তারা বলেছেন, মাতৃভূমির মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দুঃসময়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা দেন ও মুক্তিযুদ্ধে অনবদ্য ভূমিকা রাখেন। স্বাধীনতার পর দুঃসহ স্বৈরাচারী দুঃশাসনে দেশ যখন চরম হতাশায় নিপতিত, ঠিক তখনই ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তিনি মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।
বক্তারা জিয়াউর রহমানকে আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বাংলাদেশী জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা হিসেবে অভিহিত করে দেশের এই ক্রান্তিলগ্নে তার প্রদর্শিত পথে জনগণের ঘাড়ে চেপে বসা ফ্যাসিবাদী শক্তিকে পরাভূত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান।
বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী আইনজীবীদের পক্ষ থেকে গতকাল ‘জাতীয় সঙ্কট মোকাবিলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।
ব্যারিস্টার তমিজ উদ্দিনের সভাপতিতে এবং ব্যারিস্টার আলিমুল হক লিটন ও ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটনের উপস্থাপনায় সেমিনারে প্যানেল স্পিকার হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক প্রফেসর কে এম মালিক, বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মামনুন মোরশেদ, বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট চৌধুরী মোহাম্মদ ফারুক। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক আহ্বায়ক এম এ মালেক ও সাবেক আন্তর্জাতিক সম্পাদক শামসুল আলম চৌধুরী, সাবেক ছাত্রনেতা মাহি আরমান রফিক, এম এস আজাদ, ব্যারিস্টার ইকবাল হোসেন, অ্যাডভোকেট আবুল হাসনাত, অ্যাডভোকেট মো. শাহিনুর আলম, ব্যারিস্টার আবু ইলিয়াস, ব্যারিস্টার জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট নাসরীন আক্তার, বিশিষ্ট আইনজীবী কুমকুম, অ্যাডভোকেট জাকির হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে অ্যাডভোকেট নাসের খান অপু।
বক্তারা বলেন, প্রতিবেশী রাষ্ট্রের মদতপুষ্টরা যেখানে বাঙালি জাতীয়তাবাদ প্রচারে সর্বশক্তি নিয়োগ করেছিল, সেখানে তিনি ভাষায় শুধু নয়, ধর্মীয় ও সাংস্কৃতিক উপাদানের সন্নিবেশে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রকৃতপক্ষেই বাংলা ভাষা এবং এই জাতির এগিয়ে যাওয়ার সুনির্দিষ্ট নিশানা ঠিক করে দিয়েছিলেন।
বর্তমান সরকার ও বিরোধী দলটি অবৈধ ও অসাংবিধানিক পন্থায় গঠিত হয়েছে মন্তব্য করে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ভোটাধিকার হরণ ও ৯৫ ভাগ মানুষের রায় ছাড়া সরকার গঠন করে তাদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি অবমাননা করেছে।
Posted ১৫:৩২ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin