| মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা, ৩১ ডিসেম্বর- বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মামলায় তার স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সালকেও অভিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টায় গুলশান থানায় মামলাটি দায়ের করা হয়। মামলা নং ৩৬।
দুদকের উপ-পরিচালক মনিরুজ্জামান খান এ মামলার বাদী হয়েছেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি নেতা এম মোরশেদ খান এবং তার স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সাল খানের নামে দুদকের পক্ষ থেকে মামলা করা হয়েছে। অভিযোগে বলা হয়, অবৈধভাবে এম মোরশেদ খান ৩ কোটি ৯৫ লাখ ৫৪০ মার্কিন ডলার (৩০৬ কোটি ৯১ লাখ ৯১ হাজার ৯৫৮ টাকা) এবং ১ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার ৫৩৮ হংকং ডলার (১৩ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ৪৭৬ টাকা) দেশের বাইরে পাচার করেছেন।
২০১৩ সালের জানুয়ারিতে দুদক তাদের বিরুদ্ধে এ অর্থপাচারের অভিযোগ বিষয়ে অনুসন্ধান শুরু করে। মামলার বাদী বলেন, ‘২০১৩ সালের জানুয়ারিতে আমরা অনুসন্ধান শুরু করি। হংকং পুলিশ বাংলাদেশকে জানায়, দুই জন সিটিজেনের নামে তাদের দেশে প্রচুর ডলার রয়েছে। এর পরে আমাদের দেশে অ্যাটর্নি জেনারেল এমএলএআর পাঠান হংকং এ। পরে হংকং পুলিশ তাদের দেশের আইন অনুযায়ী এম মোরশেদ খান, নাসরিন খান ও ফয়সাল খনের নামে ১১টি ব্যাংক হিসাবের বিবরণ বাংলাদেশে পাঠায়। আমরা তাদের নথি পাঠানোর ভিত্তিতে অনুসন্ধান শুরু করি।’
Posted ২৩:৫৬ | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin