| বুধবার, ২০ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, মহাজোট আর সর্বদলীয় সরকার দুটি একই জিনিস। যেই লাউ সেই কদু। আগে আমরা পয়সা দিয়ে সার্কাস দেখতাম, মহাজোট এখন দেশের মানুষকে বিনা পয়সায় সার্কাস দেখাচ্ছে। একটি পত্রিকার অনলাইন ভার্সনে দেয়া সাক্ষাত্কারে তিনি বলেন, সরকার মানুষকে কিছু দিতে পারে না। মানুষই বরং অনেক কিছু দেয়। কিন্তু এখন তো দেখি সরকার অনেক কিছু দেয়ার কথা বলে। আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন সময় অনুসারে এসে থাকে। সরকারের পরিবেশ সৃষ্টি করা উচিত। কিন্তু এই সরকারই পরিবেশ সৃষ্টিতে সবচেয়ে বড় অন্তরায়।
আগামী নির্বাচনে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের মনে সন্দেহ জাগানোর মতো কোনো কাজ করিনি। এ বিষয়ে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করেছি। সখীপুরের সমাবেশে আমি যা বলেছি সেটাই আমার বক্তব্য। নির্বাচনকালীন সরকারে সাবেক প্রেসিডেন্ট এরশাদের যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, নিজের সঙ্গে লুকোচুরি করা ভালো না। ছোটবেলায় বাচ্চাদের সঙ্গে আমরা লুকোচুরি খেলেছি। কিন্তু জাতির সঙ্গে টুক-পলান্তি খেলা যায় না।
উল্লেখ্য, সম্প্রতি টাঙ্গাইলে সখীপুরের জনসভায় কাদের সিদ্দিকী বলেছিলেন, ‘আজ আমরা হাসিনাকে বলে দিচ্ছি, আপনার অধীনে কোনো নির্বাচন হবে না। সবাইকে কিনতে পারলেও সখীপুরের গামছা কিনতে পারবেন না।’ এরশাদ সাহেবকে উদ্দেশ করে কাদের সিদ্দিকী বলেছিলেন, যতক্ষণ উনি মহাজোটে আছেন ততক্ষণ আমি তার সঙ্গে কোনো কথা বলতে যাব না। এরশাদ সাহেবের উদ্দেশে বলছি, ‘বেশি খেলা ভালো নয়। বেশি খেললে ডুবে মরতে হয়।’ ১৮ দল নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন করছে, আপনারাও নির্দলীয় সরকারের দাবি করছেন, তাহলে একসঙ্গে আন্দোলন করার কোনো সম্ভাবনা আছে কিনা—এমন প্রশ্নের জবাবে বঙ্গবীর বলেন, এটা সময়ের ব্যাপার। কাদের সিদ্দিকী আবারও তার সেই বক্তব্যের কথা উল্লেখ করে বলেন, আমি আমার অবস্থানেই আছি।
Posted ০১:১৩ | বুধবার, ২০ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin