| শনিবার, ৩০ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ১৮ দলীয় জোটের ডাকা ফের টানা ৭২ ঘণ্টা অবরোধ শনিবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এই অবরোধ চলবে।
শুক্রবার রাত ১০টার দিকে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।
সরকারের জুলুম, নিপীড়ন, নির্যাতন, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, নেতা-কর্মীদের গ্রেপ্তার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এ অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন রিজভী।
উল্লেখ্য, এর আগে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে টানা ৭১ ঘণ্টা অবরোধ পালন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। ৭১ ঘণ্টার এ অবরোধে দেশব্যাপী ব্যাপক সহিংসতায় কমপক্ষে ২২ জন নিহত হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার শাহবাগে বাসে পেট্রলবোমার আগুনে দগ্ধ হয়ে আরো দুজন মারা গেছে। আরো ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে চলমান রাজনৈতিক সংকটের সমাধান না হলে দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান। আজ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সমাবেশে তিনি বলেন, যুদ্ধ চলছে। এই যুদ্ধ শেষ হবে সেদিন, যেদিন স্বৈরাচারী সরকারকে সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। অন্যথায় দেশে গৃহযুদ্ধ অনিবার্য।
Posted ০২:৪০ | শনিবার, ৩০ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin