| শনিবার, ০৪ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় নির্বাচন কেন্দ্রে অগ্নিসংযোগে উদ্বেগ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, বিভিন্ন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোটার ও দেশবাসীর সঙ্গে আমরাও উদ্বিগ্ন।
শনিবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে নবনির্মিত মিডিয়া সেন্টার উদ্বোধনকালে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, বিভিন্ন স্থানের সংবাদে আমরা দেখেছি অনেক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এগুলো পরিবর্তন করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি উন্নয়নে কাজ করছে।
নির্বাচনকে কেন্দ্র করে সংঘাতের দায় কে নেবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সংঘাতের দায় কে নেবে তার বিচার আপনারা (সাংবাদিক) ও জনগণ করবে। কখন থেকে, কী কারণে এ সংঘাত শুরু হয়েছে তা সবাই জানে। নির্বাচন নিয়ে কমিশন সন্তোষ কিনা জানতে চাইলে সিইসি বলেন, এ ব্যাপারে এই মুহূর্তে কোনো মন্তব্য নয়। আমরা শান্তিপূর্ণ নির্বাচন করার চেষ্টা করছি। আশা করি সুষ্ঠু নির্বাচন হবে। জনগণের সঙ্গে সাংবাদিক ও পর্যবেক্ষকরা তা দেখবে। সাংবাদিকদের তথ্য সরবরাহে কোনো কার্পণ্য করা হবে না দাবি করে তিনি বলেন, সাংবাদিকদের নিয়ে আমাদের কাজ। আপনাদের তথ্য সরবরাহে কোনো কার্পণ্য করা হবে না। তবে আপনারা (সাংবাদিকরা) আগে থেকে কিছু জানতে চাইবেন না। আপনারা প্রস্তাব করলে আমরা অনুমোদন করব। সিদ্ধান্তের আগে কার্যপত্র প্রকাশ করলে আমরা অসুবিধায় পড়বো। এটা সব প্রতিষ্ঠানের হয়ে থাকে।
গণমাধ্যম থেকে কমিশন গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকে উল্লেখ করে তিনি বলেন, আমরা গণমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকি এবং পরামর্শ নিয়ে কাজ করি। মিডিয়া সেন্টার উদ্বোধনের মাধ্যমে এ যাত্রা অব্যাহত থাকবে।
নির্বাচন কমিশনের প্রস্তাবিত ভবনে গণমাধ্যমের জন্য আরও আধুনিক সুবিধা থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, এখানে জায়গা স্বল্পতার কারণে আমরা ইচ্ছা থাকলেও সব করতে পারিনি। আমাদের প্রস্তাবিত ভবনে গণমাধ্যমের জন্য সব ধরনের অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকবে।
স্বাগত বক্তব্যে ইসি সচিব ড. মোহাম্মদ সাদিক বলেন, নির্বাচন কমিশনে দায়িত্ব পালনকারী সাংবাদিকরা আমাদের সহকর্মী। তারা আমাদের মতো করে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে থাকেন। এতদিন তাদের বসার জায়গা দিতে না পারায় আমরা অনুতপ্ত। আজকের এ যাত্রার মাধ্যমে আমরা সাংবাদিকদের কিছুটা অভাব দূর করার চেষ্টা করলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার ব্রি. জে (অব.) মো. জাবেদ আলী বলেন, আজকে প্রযুক্তির দৌড়ে থার্ড জেনারেশন ও ফোর্থ জেনারেশন কাজ করছে। আগামীতে হয়তো আরও অনেক জেনারেশন আসবে। আমরা সব জেনারেশনের সঙ্গে কাজ করার যাত্রা অব্যাহত রাখতে চাই। এ সময় অন্যান্য কমিশনার, অতিরিক্ত সচিব, জনসংযোগ পরিচালক, ইউএনডিপি কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Posted ০৮:১৫ | শনিবার, ০৪ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin