| সোমবার, ২৭ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ২৭ জানুয়ারি : সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবির ঘটনায় পাঁচজন নিখোঁজ রয়েছেন। রবিবার রাত পৌনে ৯টার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ডুবুরি সদস্যরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সোয়া ১২টা) উদ্ধার কাজ চলছিলো।
উদ্ধারকাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ এবং কোস্ট গার্ডের ডুবুরি সদস্যরা। উদ্ধার কাজ তদারকি করতে ঘটনাস্থলে উপস্থিত আছেন বিআইডব্লিটিএ’র চেয়ারম্যান।
সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আজিজ জাস্ট নিউজকে জানান, রাত পৌনে ৯ টার দিকে একটি লঞ্চ ঘাটের দিকে আসছিল, একই সময় আরেকটি লঞ্চ ঘাট ছেড়ে যাচ্ছিল। এ সময় লঞ্চ দুটির মাঝে সৃষ্ট প্রবল স্রোতের মুখে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়।
তিনি বলেন, নৌকাটিতে ৯ যাত্রী ও মাঝিসহ মোট ১০ জন ছিলেন। পাঁচজন তীরে উঠতে সক্ষম হন। এদের মধ্যে গুরুতর আহত দুইজনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজন নিখোঁজ রয়েছেন। ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের ডুবুরিরা নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং পুলিশ সদস্যরা তাদেরকে সহায়তা করছেন বলে জানান তিনি।
Posted ০০:১৫ | সোমবার, ২৭ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin