| বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা, ১৭ ডিসেম্বর : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মৃত্যুদন্ড কার্যকরের বিরোধিতায় বাংলাদেশের বিষয়ে ‘নাক গলানোয়’ ঢাকাস্থ পাকিস্তানি দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ।
জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসিতে উদ্বেগ জানিয়ে পাকিস্তান পার্লামেন্টে শোক প্রস্তাব গ্রহণ নিয়ে ঢাকার কড়া প্রতিবাদ জানানোর মধ্যে মঙ্গলবার এ কর্মসূচি ঘোষণা করেন ছাত্রমৈত্রীর সভাপতি ও গণজাগরণ মঞ্চের অন্যতম সমন্বয়ক বাপ্পাদিত্য বসু।
তিনি বলেন, বুধবার বিকাল ৩টায় গুলশান ২ নম্বরের গোলচত্বরের সামনে থেকে মিছিলটি শুরু হবে।
যুদ্ধাপরাধ মামলায় আব্দুল কাদের মোল্লার বিচারের রায়ে বৃহস্পতিবার তার ফাঁসি কার্যকর করা হলে পাকিস্তান জামায়াতে ইসলামী সেদেশে রাজপথে বিক্ষোভ করে। এরপর সোমবার ‘ঐক্যবদ্ধ পাকিস্তানের’ একনিষ্ঠ সমর্থক হিসেবে কাদের মোল্লার মৃত্যুদন্ডে উদ্বেগ জানিয়ে পাকিস্তানের পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হয়।
এরপর সন্ধ্যায় ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার আফরাসিয়াব মেহেদী হাশমী কুরেশীকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকার প্রতিবাদ ইসলামাবাদে জানাতে তাকে বলা হয়।
Posted ০৯:২০ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin