| সোমবার, ০২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা: বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির রিপোর্টার সৈয়দ তামজিদ আহমেদ ওরফে তামজিদ রনি ও ক্যামেরা পারসন প্রশান্ত মোদককে বিস্ফোরক মামলায় চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম ভূঁইয়া চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রাসুল সামদানি আজাদ আসামিদেরকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আসামিরা সকাল সোয় ৮টার দিকে কামরাঙ্গীরচর কুড়ার ঘাটে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে রাস্তায় সমবেত হয়। এসময় তারা মামলার এজাহার নামীয় অন্য আসামিদেরকে সরাসরি ও মোবাইল ফোনে ডেকে নিয়ে সরকারবিরোধী মিছিল করতে ও ককটেলের বিস্ফোরণ ঘটাতে বলে এবং ওই দৃশ্য ক্যামেরা বন্দী করে।
রিমান্ড আবেদনে আরো বলা হয়, প্রথম বিস্ফোরণের ছবিটি ক্যামেরায় ধারণ করতে না পারায় পুনরায় ককটেল বিস্ফোরণ ঘটাতে অনুরোধ করে।
এ অবস্থায় পুলিশ ও এলাকাবাসী এগিয়ে এলে বিস্ফোরণকারীরা পালিয়ে যায়। এলাকার লোকজন তাদের মদদদাতা হিসেবে আসামিদের আটক করে পুলিশে সোপর্দ করে।
Posted ০০:১৩ | সোমবার, ০২ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin