| সোমবার, ০৬ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ ফিফা বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে চরম অসন্তুষ্ট প্রকাশ করেছেন দীর্ঘদিন ধরে ফিফার ক্ষমতায় অধিষ্ঠিত সেপ ব্লাটার। বিশ্বকাপের প্রস্তুতি দেরিতে শুরু করার ফল এখন পাচ্ছে ব্রাজিল। আর এ কারণেই বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করতেও তাদের দেরি হচ্ছে বলে অসন্তুষ্টি প্রকাশ করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা সভাপতি সেপ ব্লাটার। প্রস্তুতি সম্পন্ন করতে তারা প্রতিনিয়ত এখন বেশ কঠিন সময় পার করছে বলেও ব্লাটার মনে করেন।
সুইস পত্রিকা ২৪ আওয়ার্সে ব্লাটার বলেছেন, ব্রাজিলের এই বিষয়টি উপলব্ধি করতে হবে যে তারা সবকিছুই দেরিতে শুরু করেছে। ফিফাতে আসার পর থেকে এখন পর্যন্ত আমি বিশ্বকাপের যত আয়োজন দেখেছি তাদের মধ্যে তারাই সবচেয়ে দেরিতে প্রস্তুতি সম্পন্ন করার দেশে পরিণত হতে যাচ্ছে। যদিও প্রস্তুতির জন্য দীর্ঘ সাত বছর সময় তারা হাতে পেয়েছিল যা অন্য কোনো দেশের ক্ষেত্রে এখন পর্যন্ত ঘটেনি।
আগামী ১২ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত ব্রাজিলে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। কিন্তু এখনো স্টেডিয়াম নির্মাণসহ সার্বিক কাজ পুরোপুরি সম্পন্ন হয়নি। এখানে অবশ্য আর্থিক বিষয়টিও অনেকাংশেই দায়ী বলে আয়োজকদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। এদিকে ব্রাজিল বিশ্বকাপকে ঘিরে ধর্মঘটও হয়েছে বেশ কদিন। এছাড়া শ্রমিক অসন্তোষ এবং বেশ কজন নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটে। এর ফলে বিশ্ব মিডিয়ায় আগ্রহের দেশ হয়ে আছে ফুটবল পাগল জাতি হিসেবে সমাদৃত ব্রাজিল।
২০১৬ সালের অলিম্পিকও ব্রাজিলের রিওতে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। তাই বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম বড় এই দুই আসরকে কেন্দ্র করে হঠাৎ করেই ব্রাজিলের আর্থ-সামাজিক জীবনেও অনেক পরিবর্তন এসেছে।
গত বছরের কনফেডারশেন কাপ ছিল বিশ্বকাপের ড্রেস রিহার্সাল। এতে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়। কিন্তু সেই আসরে এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় হওয়ার বিষয়টিকে খুব একটা ভালো চোখে দেখেনি সাধারণ জনগণ। এই নিয়ে টুর্নামেন্ট চলাকালীন বেশ প্রতিবাদমুখর ছিল রিওর জনপদ। জনগণের সাথে একাত্নতা প্রকাশ করেছিলেন বেশ কজন প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবল স্টারও।
এব্যাপারে সেপ ব্লাটার বেশ আশাবাদি। ব্লাটার বিশ্বাস করেন সবকিছুকে পেছনে ফেলে বিশ্বকাপ বেশ শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে। এ সম্পর্কে তিনি বলেন, আমি সবসময়ই বেশ আশাবাদী মানুষ। ফুটবল সবকিছুকে প্রতিহত করবে। আমি বিশ্বাস করি ফুটবলপাগল ব্রাজিলিয়ান জাতি সরাসরি ফুটবলের ওপর কোনো আঘাত করবে না। এখানকার জাতিসত্তার সঙ্গেই ক্রীড়া মিশে আছে। কিন্তু দেশে আর্থ-সামাজিক পরিস্থিতি নিয়ে নতুনভাবে সাধারণ জনগণের এই প্রতিবাদ সম্পর্কেও আমরা জানি। গত বছর তাদের প্রতিবাদের মূলত কোনো শক্ত ভিত্তি ছিল না। কিন্তু বিশ্বকাপের সময় তারা আরো বেশি সুসংগঠিত হয়ে নামবে।
Posted ১৬:৫৫ | সোমবার, ০৬ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin