| রবিবার, ০১ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা: আজ ১ ডিসেম্বর। বছর ঘুরে আবার ফিরে এসেছে বিজয়ের মাস। আজকের দিনটিতেই সূচনা ঘটতে যাচ্ছে বাঙালির কাঙ্কিত মুক্তি সংগ্রামের বিজয় অর্জনের মাস ডিসেম্বরের। এবার ভিন্ন প্রেক্ষাপটে এসেছে বিজয়ের মাস। ইতোমধ্যে একাত্তরের স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের রায় হয়েছে।
ডিসেম্বর বাঙারি জাতির একটি নিজস্ব রাষ্ট্র হিসেবে আত্মপরিচয়ে প্রতিষ্ঠিত হওয়ার মাস । পাকিস্তানী সেনাবাহিনী ও তার এ দেশীয় দোসরদের পরাসত্ম করার মাস। আবার ৩০ লাখ মানুষ হারানোর দুঃসহ কষ্টের মাস। একাত্তরে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াকু বাঙালির মুক্তিযুদ্ধ এ মাসে বিজয়ের সুমহান মর্যাদায় অভিষিক্ত হয়েছিল।
মুক্তিযুদ্ধের অগ্নিরক্ষা সেসব দিনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যুগিয়েছিল মুক্তির লড়াইয়ের অনিঃশেষ প্রেরণা। সে সময়ের গানে গানে বিধৃত আছে লাঞ্ছিত-নিপীড়িত, মুক্তিপাগল সাড়ে সাত কোটি বাঙালির প্রাণের উচ্ছ্বাস, ত্যাগ, লড়াই ও মুক্তির মন্ত্র। উনিশ শ’ একাত্তরে দীর্ঘ ন’টি মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালির মৃতু্যপণ জনযুদ্ধ শেষে অর্জিত হয়েছিল প্রত্যাশিত বিজয়। লাখো শহীদের আত্মদান, বীর মুক্তিযোদ্ধাদের সাহসী অবদান, ত্যাগ এবং অসংখ্য মা-বোনের মহামূল্যবান সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ নিজের স্থায়ী আসন অর্জন করে নেয় বিশ্বমানচিত্রে। তাই কৃতজ্ঞ বাঙালী জাতি এই ডিসেম্বর মাসজুড়ে স্মরণ করবে লাখো শহীদানকে। তাদের অপূর্ণ স্বপ্ন এবং প্রত্যাশা বাস্তবায়নের শপথে নতুন করে উজ্জীবিত হবে।
জীবনের গভীরতম অভিজ্ঞতার মধ্য দিয়ে ৪২ বছর পার করা এ দেশের মানুষের কাছে এবারের ডিসেম্বর শুধু বছর পরিক্রমায় আরও একটি মাস নয়; এবারের ডিসেম্বর নতুন ভাবনা ও চেতনা নিয়ে সামনে এসে দাঁড়িয়েছে। সর্বত্রই এখন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দীপ্ত পথ চলা। তাই এবার নতুন ভাবনা স্বপ্ন আর বাস্তবতাকে পাশাপাশি দাঁড় করিয়ে নতুন করে সিদ্ধান্ত নেয়ার শপথ নিয়েই বাঙালি জাতি মাসব্যাপী উদ্যাপন করবে বিজয়ের মাস ডিসেম্বর।
Posted ০২:৩৯ | রবিবার, ০১ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin