| বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেদের ভুলে এখন রাজনীতির চোরাবালিতে আটকা পড়েছে।তিনি বলেন, ‘হরতাল, অবরোধ যে নামেই ডাকুক তা জমছে না। ভাঙা হাটে পরিণত হয়েছে তাদের আন্দোলন। যে আন্দোলনে জনসম্পৃক্ততা নেই, সে আন্দোলন সফলতা পায় না।’
বুধবার দুপুরে মন্ত্রী মানিকগঞ্জ-সিংগাইর সড়কের কিটিংচর, গেরাদিয়া, আজিমপুর এবং নয়াকান্দিতে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন চারটি ব্রিজের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আগামী ২৯ ডিসেম্বর বিএনপির মার্চ ফর ডেমোক্র্যেসি অহিংস কর্মসূচি হলে সরকার বাধা দেবে না। তবে কর্মসূচিতে কোনো সহিংসতা থাকলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নেবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনের কর্মসূচি ডাকে এক পক্ষ, আর তা বাস্তবায়ন করে উগ্রপন্থিরা।’
তিনি বলেন, ‘সাধারণ মানুষকে পুড়িয়ে, গাছ কেটে, রেলপথ উপড়ে যে ক্ষতি হয়েছে, তা কি তত্ত্বাবধায়ক সরকার দেবে? গণতন্ত্র দেবে? এসব করে কোনো লাভ নেই বরং দেশের ক্ষতি ছাড়া কিছুই নয়।’ খালেদা জিয়ার প্রতি প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, ‘২৯ ডিসেম্বর যে ঢাকামুখী লং মার্চ তা কি গণতন্ত্র রক্ষা না গণতন্ত্র ধ্বংসে?’
এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন খান, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, পৌর মেয়র রমজান আলী, মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ০২:১০ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin