| বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, আগামী ৫ জানুয়ারি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের দিন অবরোধ কিংবা হরতালে কোনো প্রভাব ফেলবে না। তবে সরকার চাইলে ঝুঁকিপূর্ণ এলাকায় নির্ধারিত সময়ের পরও সেনা মোতায়েন থাকতে পারে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। কাজী রকিব উদ্দীন বলেন, ভোটার, সাংবাদিক, পর্যবেক্ষক ও নির্বাচনী কর্মকর্তাসহ সকলের জন্য নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে। ভোটারদের প্রতি অনুরোধ, আপনারা ভোটাধিকারের সাংবিধানিক দায়িত্ব পালন করুন। ভোট দিতে আসুন।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত প্রসঙ্গে সিইসি বলেন, দশম সংসদ নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, গত ২৬ ডিসেম্বর সেনাবাহিনী নামানো, তাদের কার্যক্রম, ম্যাজিস্ট্রেটদের কাজে লাগানো, রিটার্নিং অফিসারদের দেওয়া নির্দেশনার বিষয়ে আমরা রাষ্ট্রপতিকে অবহিত করেছি। তিনি আমাদের সব কথা শুনেছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালন করতে নির্দেশনা দেয়ার জন্য আমাদের অনুরোধ করেছেন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে দাবি করেন সিইসি। তিনি বলেন, আশা করছি সামনের দিনগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সরকার চাইলে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নির্ধারিত সময়ের পরও সেনাবাহিনী থাকতে পারে বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চেয়েছিলাম সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন এবং সেজন্য সব দলকে সময়ও দিয়েছি। এ বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আমরা তাকে উদ্যোগ নিতেও অনুরোধ করেছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সমঝোতা হয় নি। তাই আমরা সময়, আইন ও আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচন প্রক্রিয়া শুরু করেছি এবং দায়িত্ব পালন করে যাচ্ছি। অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, অবরোধ কিংবা হরতালে কোনো সমস্যা হবে না। নির্বাচনের সুবিধার্থে আমরা নিজেরাই কিছু এলাকায় গাড়ি না চালানোর জন্য নির্দেশ দেব। এলাকাভিত্তিক নির্বাচন হওয়ায় সহিংসতারও কোনো আশঙ্কা দেখছি না। এর আগে বিকেল ৩টা ১৩ মিনিটে সিইসির নেতৃত্বে চার কমিশনার এবং নির্বাচন কমিশন সচিব রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান।
Posted ১৭:৫১ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin