| শনিবার, ০৮ মার্চ ২০১৪ | প্রিন্ট
৮ মার্চ : পুলিশের বাধার মুখে পন্ড হয়ে গেলো জাতীয়তাবাদী মহিলা দলের আন্তর্জাতিক নারী দিবসের র্যালী। র্যালিতে পুলিশি বাধার প্রতিবাদে আগামী সোমবার সারাদেশে কালো পতাকা মিছিল করবে সংগঠনটি। দেশের সব জেলা ও ঢাকা মহানগরের সব থানায় এ কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা এ কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে শিরিন সুলতানা বলেন, দেশ স্বৈরাচারি দ্বারা আক্রান্ত হলে গোটা দেশেই শান্তি বিনষ্ট হয়। পুলিশ এখন দলীয় বাহিনীতে পরিণত হয়েছে। তারা যদি রাষ্ট্রের বাহিনী হতো তবে নারীদের ওপর এমন নিষ্ঠুর আচরণ করতে পারতো না।
সাত দিন আগে র্যালির অনুমতি চাওয়া হয় উল্লেখ করে তিনি বলেন, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নারী দিবস উপলক্ষ্যে স্থান ও সময় উল্লেখ করে শান্তিপূর্ণ র্যালি করতে সাত দিন আগে আমরা ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন করি। পরে তাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের বলা হয় ট্রাফিক পুলিশ নাকি অনুমতি দিচ্ছে না। তারা যদি অনুমতি নাই দেয়, তবে আগেই তো বলা উচিত ছিল।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মহিলা দল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নয়াপল্টন পার্টি অফিসের সামনে থেকে প্রেস ক্লাব অভিমুখে একটা র্যালি করতে চেয়েছিল। তারা পুলিশের কাছে অনুমতিও চায়। কিন্তু পুলিশ অনুমতি না দিয়ে বর্বরোচিতভাবে বাধা দিয়েছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানান।
এর আগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপিকে র্যালি করতে দেয়নি পুলিশ। সকাল ১০টার দিকে রাজধানীর নয়াপল্টনের কার্যালয় থেকে বিএনপির মহিলা দলের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি বের হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের বাধায় নেতা-কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ঢুকে পড়েন।
মহিলাদলের কর্মসূচিতে পুলিশের বাধা সম্পর্কে মতিঝিল জোনের এডিসি আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়নি। র্যালির বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগ অবগত নয় মহিলা দল বা বিএনপির পক্ষ থেকে র্যালির অনুমতির বিষয়ে পুলিশকে কোনো অনুমতিপত্র দেখাতে পারেনি। রাস্তায় সমাবেশ বা মিছিল করার ক্ষেত্রে আগে থেকেই পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া লাগে।
Posted ১২:১৭ | শনিবার, ০৮ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin