| বুধবার, ১৯ মার্চ ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ১৯ মার্চ (জাস্ট নিউজ) : ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৩ রানে হেরেছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্ব শুরু হচ্ছে শুক্রবার থেকে। বুধবার অনুশীলন ম্যাচে শ্রীলঙ্কা গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে।
এর আগে টসে হেরে ব্যাটিং নেওয়া ওয়েস্ট ইন্ডিজ দল নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে।
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৭২ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৪ বল বাকি থাকতেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। তারা ১৩৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। কৌশল পেরেরাকে হারিয়ে ইনিংসের শুরুটাই বাজেভাবে শুরু করেছে তারা। তবে শ্রীলঙ্কা শিবিরে সুংসবাদ হতে পারে তিলকারত্নে দিলশানের ফর্মে ফেরাটা।
তিনি বুধবার ৩৬ বলে ৬ চারে ৪৩ রানের ইনিংস খেলেন। জয়াবর্ধনে আগের প্রস্তুতি ম্যাচেও ছিলেন ব্যর্থ। বুধবারও কোনো রান না করেই সাজঘরে ফেরেন অভিজ্ঞ এ ক্রিকেটার। জয়াবর্ধনের বিদায়ে ক্রিজে নামেন কুমারা সাঙ্গাকারা। তিনি দিলশানকে নিয়ে ৫৪ রানের জুটি করেন। তবে এরপরই ডোয়াইন ব্রাভোর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাঙ্গাকারা। শেষ দিকে চান্দিমালের ১১ বলে ১৪, ম্যাথুসের ১২ বলে ১৮, নুয়ান কুলাসাকারার ৮ বলে ১৪ ও লাহিরু থিরিমান্নের ৮ বলে ১৪ রানের সৌজন্যে ১৩৯ রান করতে সমর্থ হয় শ্রীলঙ্কা। তাদের এ স্কোর ব্যবধান কমাতে পারলেও ম্যাচ জয়ে কোন ভূমিকা রাখতে পারেনি।
ওয়েস্ট ইন্ডিজ দলের বোলারদের মধ্যে সুনীল নারিন একাই নেন ৪টি উইকেট। এছাড়া ডোয়াইন ব্রাভো ৩টি ও একটি করে উইকেট নেন রবি রামপাল, আন্দ্রে রাসেল ও স্যামুয়েল বাদ্রি।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ডোয়াইন স্মিথ ও ডোয়াইন ব্রাভোর ব্যাটিং দৃঢ়তায় প্রস্তুতি ম্যাচে বড় সংগ্রহ পায়। ডোয়াইন স্মিথ ৪৫ বলে ৬০ রান করেন ৮ চার ও ২ ছয়ে। ব্রাভোর ইনিংসটিও ছিল ঝড়ো। তিনি ৩১ বলে ৬ চারে ৪৩ রান করেন। শেষের দিকে ড্যারেন স্যামির ৩০ রান কার্যকরী ভূমিকা রেখেছে স্কোর বোর্ডে ১৭২ রান জমা করতে। প্রথম প্রস্তুতি ম্যাচে দর্শকরা গেইল শো দেখলেও বুধবার তারা গেইল শো থেকে বঞ্চিত হন। তিনি মাত্র ১২ রান করে রঙ্গনা হেরাথের বলে কৌশল পেরেরাকে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন। আগের ম্যাচে তার হাফ সেঞ্চুরির সুবাদে ম্যাচ জিতেছিল ক্যারিবিয়ানরা।
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে রঙ্গনা হেরাথ সর্বোচ্চ ২টি এবং সুরাঙ্গা লাকমাল, মেন্ডিস ও প্রসন্ন একটি করে উইকেট নেন।
Posted ১৯:৩৬ | বুধবার, ১৯ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin