| শুক্রবার, ০৩ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
নয়াদিল্লি, ৩ জানুয়ারি : তৃতীয় বারের জন্য আর প্রধানমন্ত্রী পদে দাঁড়াবেন না মনমোহন সিংহ। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। তিনি বলেন, তরুণ প্রজন্মের হাতে ক্ষমতা হস্তান্তর করার এটাই সঠিক সময়।
মনমোহন সিংহ বলেন, প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম সঠিক সময়েই দল ঘোষণা করবে। তবে রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী পদের যোগ্যতম দাবিদার বলে মনে করেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে দেশের পক্ষে তা বিপজ্জনক হবে। গত তিন বছরে এটিই ছিল প্রধানমন্ত্রীর প্রথম সাংবাদিক বৈঠক।
পূর্ব নির্ধারিত সাংবাদিক সম্মেলনের শুরুতেই মনমোহন বলেন, বিধানসভা নির্বাচনে দল ভালো ফল করতে পারেনি। এর থেকে শিক্ষা নিয়ে লোকসভা ভোটে লড়বে কংগ্রেস। ইউপিএ-র সাফল্যের কথা বলতে গিয়ে তিনি বলেন, গ্রামে রাস্তা ও বিদ্যুতের উন্নতি হয়েছে। কৃষকদের উন্নতির পাশাপাশি বিপিএল-এর সংখ্যাও যথেষ্ট কমেছে। প্রতিষ্ঠিত হয়েছে গরিবের অধিকার। উন্নতি হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে।
বিশ্বে খাদ্যশস্যের অন্যতম প্রধান রফতানিকারক হয়েছে ভারত, বেড়েছে জিডিপি। অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার চেষ্টা করছে দেশ। মনমোহন বলেন, নির্মাণ শিল্পে বেকারত্ব বাড়ায় সরকার চিন্তিত। এর জন্য নির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে। গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রেও পুরোপুরি সফল হওয়া সম্ভব হয়নি।
মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, খাদ্যে মুদ্রাস্ফীতি বাড়ায় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা যায়নি। তবে খাদ্য নিরাপত্তা বিল আসায় ভবিষ্যতে খাদ্যপণ্যে মুদ্রাস্ফীতি ঠেকানো যাবে। আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তিকে তার সরকারের সফলতম অধ্যায় হিসাবে চিহ্নিত করেছেন তিনি। ভারত-মার্কিন সম্পর্কে চলতি টানাপোড়েন প্রসঙ্গে বলেন, ভারত-মার্কিন সম্পর্ক অত্যন্ত মূল্যবান। কোনও অবস্থাতেই তা নষ্ট হতে দেওয়া হবে না।
Posted ১৭:০৪ | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin