| বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা: ‘যে যতো কথাই বলুক না কেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাকবেন। এতে কোনো আপোষ নেই’ এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহম্মদ নাসিম।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রীকে বারবার সংলাপের উদ্যোগ জানালেও তা তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি আগুণ দিয়ে পুড়িয়ে মানুষ মারছেন। দেশের যে কোনো সমস্যা আমরা আলোচনা করেই শেষ করতে পারতাম। কিন্তু বেগম খালেদা জিয়া তা করেন নি।’
বুধবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ, মহানগরের সংসদ, থানা সভাপতি ও সাধারণ সম্পাদকদের এক যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ জানান।
নাসিম বলেন, ‘জাতিসংঘের সহাকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো বাংলাদেশে আসাতে আমরা তাকে স্বাগত জানাই। কিন্তু তারানকোর বাংলাদেশে আসার পেছনে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াই দায়ী। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। তাই কারো কথায় এদেশ চলবে না।’
তিনি বলেন, ‘আমরা সন্ত্রাস নয়, সমঝোতাকে স্বাগত জানাই। তাই সমঝোতার মাধ্যমে ও সংবিধান অনুযায়ীই আগামী জাতীয় দশম সংসদ নির্বাচন হবে। বিচার বিভাগ স্বাধীন, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন বলেই প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী একাত্তরের ঘাতকদের বিচার রায় কার্যকর করা হবে।’
নির্বাচন আগামী ৫ জানুয়ারি হবে বলেও সাফ জানিয়ে দেন তিনি।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম-সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার এমপি, হাবিবুর রহমান মোল্লা এমপি, আসাদুজ্জামান খান কামাল এমপি, অ্যাডভোকেট সানজিদা খানম এমপি প্রমুখ।
Posted ১৪:০১ | বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin