| বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকে আটকের পর বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির আহ্বায়ক শফিক রেহমানকে আটকের চেষ্টা চালিয়ে পরে তাকে ‘লাল গোলাপ শুভেচ্ছা’ বলে ছেড়ে দিয়েছে পুলিশ।
বড়দিনে বুধবার খ্রিস্টান ধর্মের প্রতিনিধি দলের সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি নেতাদের সঙ্গে বিরোধী দল সমর্থক পেশাজীবী নেতারাও ছিলেন, ছিলেন সাংবাদিক শফিক রেহমানও। রাত পৌনে ১০টার দিকে শফিক রেহমান বেরিয়ে এলে তাকে বগলদাবা করে গাড়িতে তোলার চেষ্টা চালায় পুলিশ সদস্যরা। ওই সময় বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খোন্দকার মাহবুব হোসেন বের হচ্ছিলেন। তখন পুলিশ সদস্যরা এগিয়ে তার গাড়িতে শফিক রেহমানকে তুলে দেন। এক পুলিশ কর্মকর্তা তখন শফিক রেহমানকে উদ্দেশ্য করে বলেন, ‘যান স্যার, আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা।’
উল্লেখ্য, শফিক রেহমান ‘লাল গোলাপ’ শিরোনামে একটি টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করেন। ওই অনুষ্ঠানের নির্মাতাও তিনি।
Posted ২৩:৪২ | বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin