| মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ায় এক অনুষ্ঠানে জুতা পায়ে শহীদ মিনারে উঠলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সরাইল উপজেলা সদরে পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারকে প্যান্ডেলে ঢেকে ওই অনুষ্ঠানের মঞ্চ তৈরি করা হয়। ঢাকার আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রতিমন্ত্রীসহ অতিথিরা জুতা পায়েই মঞ্চে ওঠেন।
বৃত্তি প্রদানের এই অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন প্রধান অতিথি। স্থানীয় সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বন্দীপ কুমার সিংহ রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর ছিলেন অনুষ্ঠানে।আশুতোষ চক্রবর্তী স্মারক বৃত্তি দেয়ার এই অনুষ্ঠানে শহীদ মিনারের তিনটি স্তম্ভকে চাদর দিয়ে আড়াল করে বেদিতে অতিথিদের বসার মঞ্চ করা হয়। সামনে ছিল দর্শকদের বসার স্থান।
অনুষ্ঠানস্থলে এসে শহীদ মিনারে মঞ্চ দেখে অনেকেই অবাক হন। বিস্ময় প্রকাশ করে ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীও। নবম শ্রেণীর এক শিক্ষার্থী বলেন, ‘আমরা এতদিন জানতাম শহীদ মিনারে জুতা নিয়ে উঠতে নেই, এটি শ্রদ্ধার জায়গা। কিন্তু আজ দেখলাম শহীদ মিনারে জুতা নিয়ে উঠেছেন অতিথিরা।”
জুতা পায়ে ওঠার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘এটি যে শহীদ মিনার, তা আমাদের জানা ছিল না।’ এই বিষয়ে অনুষ্ঠানের অন্যতম আয়োজক আয়েশা মেমোরিয়াল হাসপাতালের ব্রাহ্মণবাড়িয়ার লিয়াজোঁ কর্মকর্তা সঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘এটি ভুল হয়ে গেছে। এখন তো আর কিছু করার নেই।’ প্রীতি চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ূব খানের বক্তব্য জানতে চাইলে তিনি ‘ব্যস্ত’ আছেন জানিয়ে ফোন রেখে দেন।
ক্যাপশন : শহীদ মিনারে স্থাপিত মঞ্চে জুতা পায়ে উঠছেন প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
Posted ১৩:৩৮ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin