| বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করায় পাকিস্তানের জাতীয় পরিষদে প্রস্তাব পাসের তীব্র সমালোচনা করে এর নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কাদের মোল্লার ফাঁসি নিয়ে শোক প্রস্তাব করার অধিকার পাকিস্তানের নেই।
বুধবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে ১৪ দলের শীর্ষ নেতাদেও সাথে বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।
কাদের মোল্লার ফাঁসিকে কেন্দ্র করে জামায়াত-শিবির সারাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে তারও তীব্র নিন্দা জানিয়ে নাশকতাকারীদের আইনের আওতায় আনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
বিরোধী দল বিএনপির সামালোচনা করে তিনি বলেন, একটি অযৌক্তিক দাবিতে আন্দোলনের নামে জামায়াত-শিবিরের নাশকতায় উস্কানি দিচ্ছে। তারা এমন নাশকতা চালালে তা কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, বিরোধী দল যদি মনে করে তাদের এ নৈরাজ্যে আওয়ামী লীগ তথা ১৪ দল ভয় পেয়েছে, তা তাদের ভুল ধারণা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরাও কঠোর হতে বাধ্য হবো।
গত কয়েকদিনে বিরোধী দলের অবরোধের সময় সারাদেশের চিত্র তুলে ধরে তিনি বলেন, আন্দোলনের নামে আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মী, এমপি-মন্ত্রীদের বাড়ি-ঘরে আগুন দিচ্ছে। হামলা চালিয়ে হত্যা করছে।
প্রধানমন্ত্রী বলেন, সোমবার আমাদের দলীয় এমপি আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা চালিয়ে জামায়াত-শিবিরের ক্যাডাররা আওয়ামী লীগের ৫ জন কর্মীকে হত্যা করেছে। মঙ্গলবার দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থীর বাড়ি-ঘর ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছে।
এসবের পেছনে বিরোধী দলের হাত রয়েছে অভিযোগ করে শেখ হাসিনা বলেন, তারা এসব করবে, আর আমরা বসে বসে দেখবো। এরকম ভাবলে বিরোধী দল ভুল করবে। তাই কঠোর হওয়ার আগে নাশকতার পথ পরিহার করে সুষ্ঠু ধারায় রাজনৈতিক চর্চা এবং শন্তিপূর্ণ আন্দোলন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
Posted ২২:২৪ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin