| শনিবার, ০৪ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
রবিউল ইসলাম, ৪ জানুয়ারি : রাজনৈতিক অস্থিরতার মাঝেও ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন করার ব্যাপারে সরকার বদ্ধ পরিকর। কিন্তু প্রধান বিরোধী দলের অনুপস্থিতিতে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে সেটা সাধারণ জনগণের কাছে বড় প্রশ্ন। একদিকে সরকার নির্বাচন গ্রহণযোগ্য করার ঘোষণা দিয়েছে, অন্যদিকে বিরোধী দল যেকোন মূল্যে নির্বাচন প্রতিহত করার কথা বলেছে। এতসব হাঙ্গামার মধ্যে সবচেয়ে বেশি আতঙ্কিত সাধারণ মানুষ। এমনকি একতরফা এ নির্বাচন নিয়ে হতাস বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকারাও। ক্রীড়াঙ্গনের সাবেক এবং বর্তমান তারকারা রবিবারের নির্বাচন নিয়ে তাদের ভাবনার কথা জানিয়েছেন জাস্ট নিউজকে। তারই চুম্বক অংশ পাঠকের জন্য তুলে ধরা হলো:
রকিবুল হাসান (সাবেক ক্রিকেটার) : বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে রকিবুল হাসান বলেন, আমরা চাই নির্বাচন যেন বিতর্কিত না হয়। সুন্দর, সুষ্ঠুভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচন হবে। আমাদের প্রত্যাশা থাকবে নির্বাচন ঘিরে কোনো সহিংশতা যেন না হয়। নিজের ভোট প্রসঙ্গে তিনি বলেন, আমি ঢাকার ভোটার ছিলাম। কিন্তু আমার কেন্দ্রে নির্বাচন হবে না। বিরোধী দলের প্রার্থী না থাকায় ইতোমধ্যেই এমপি সিলেকশন হয়ে গেছে।
খালেদ মাসুদ পাইলট (সাবেক ক্রিকেটার) : নির্বাচন নিয়ে প্রশ্ন করতে সাবেক এই তারকা ক্রিকেটারের বক্তব্য, ১ প্লিজ ভাই আমি রাজনীতি করি না। আমাকে এ ধরনের প্রশ্ন করবেন না।’ তিনি বলেন, রাজনীতির মাঠে রাজনীতিবিদরা কাজ করবে, আমরা ক্রিকেটাররা ক্রিকেটের মাঠে কাজ করব।
মোহাম্মদ আশরাফুল (ক্রিকেটার) : নির্বাচন প্রসঙ্গে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল জানান, নির্বাচনের দিন ঘর থেকেই বের হবেন না তিনি। দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে শঙ্কিত। যেকোনো মুহূর্তে যেকোনো ঘটনা ঘটে যেতো পারে এ আংশঙ্কায় কাটছে তার দিন। তবে নির্বাচনের আগের দিন দেশের ক্রিকেটের ভালো খবরে তিনি খুবই খুশি। এ ব্যাপারে তিনি বলেন, রাজনৈতিক সহিংসতার কারণে এশিয়া কাপের ভেন্যু বাতিলের যে সম্ভাবনা উঁকি দিয়েছিল, সেটা না হওয়ায় আমি আনন্দিত। যদিও আমার মাঠে যাওয়ার কোনো সুযোগ নেই।
ইমরুল কায়েস (ক্রিকেটার) : প্রিমিয়ার লিগ ও বিজয় দিবস টি-টোয়েন্টিতে ভালো পারফর্ম করা ক্রিকেটার ইমরুল কায়েস। নির্বাচনের ব্যাপারে ইমরুল কায়েসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি মেহেরপুরের ভোটার তবে ভোট দিতে যাবো না। দেশের এ পরিস্থিতিতে ভোট কেন্দ্রে যাওয়টাও নিরাপদ নয়। ঢাকায় বসে থেকেই ভোটের দিনটি পার করব।
এনামুল হক বিজয় (ক্রিকেটার) : বিজয় দিবস টি-টোয়েন্টি ম্যাচে সিরিজ সেরা হওয়া এনামুল হক বিজয় নানা জটিলতার কারণে ভোটার তালিকায় নিজের নামই লিপিবদ্ধ করতে পারেননি। যদিও ভোটার হলেও কুষ্টিয়ায় গিয়ে ভোট দেওয়া সম্ভব ছিলনা। এছাড়া আমি রাজনীতি পছন্দ করি না এসব বিষয়ে কথা বলবো না। তিনি বলেন, নির্বাচন নিয়ে আমার মাথাব্যাথা নেই। আমার কাজ ক্রিকেট খেলা। আমি সেটাই ঠিকঠাক মতো খেলতে চাই।
জাহিদ হাসান এ্যামিলি (ফুটবলার) : নির্বাচন নিয়ে প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই তিনি বলেন, ‘এ বিষয়টা আমার মাথায় নেই। এছাড়া প্রিমিয়ার লিগ চলছে। সেই খেলা নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছি। নির্বাচনের মতো ফালতু একটি বিষয় নিয়ে ভাবনা চিন্তার সময় কই।’ দেশের যে অবস্থা তাতে করে চলাফেরা করাটাই বড় বিষয়। আমি পিরোজপুরের ভোটার। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো ভোট দিতে যেতাম।
ওয়ালী ফয়সাল (ফুটবলার) : এ্যামিলির মতো একই কারণ দেখিয়েছেন জাতীয় দলের ফুটবলার ওয়ালী ফয়সাল। তিনিও ব্যস্ত সময় পার করবেন প্রিমিয়ার লিগ নিয়ে। নির্বাচন নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক। এর মধ্যে নির্বাচন নিয়ে কে ভাববে। সবাই সবার পরিবার পরিজন নিয়ে চিন্তিত। রাজনীতি নিয়ে হয়তো কেউই এখন ভাবছে না।
Posted ১৫:১৯ | শনিবার, ০৪ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin