| শুক্রবার, ১০ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ১০ জানুয়ারি : সরকার নিজেদের সংশোধিত সংবিধানের জালেই বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আসম আবদুর রব।
শুক্রবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর জেএসডি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রব বলেন, নবম জাতীয় সংসদের মেয়াদে দশম জাতীয় সংসদের এমপিদের শপথ গ্রহণের মধ্য দিয়ে সরকার নিজেদের সৃষ্ট সংবিধানের ১৫তম সংশোধনীর জালে আজ বন্দি হয়ে গেছে।
তিনি বলেন, নবম সংসদের মেয়াদেই দশম সংসদের শপথ ও সরকার গঠন করা হচ্ছে, এটা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। দশম সংসদের নির্বাচন ছিল নৈতিকতা বহির্ভূত। এখন বেআইনিভাবে শপথ নেয়ার মাধ্যমে আইনগত বৈধতাও হারালো সরকার।
বাংলাদেশের ইতিহাসে এতো বড় সাংবিধানিক জটিলতায় পড়তে আর কোনো সরকারকে দেখা যায়নি বলেও দাবি করেন আসম আবদুর রব।
হাজার আইনজীবীর নির্বাচিত নেতা বার কাউন্সিলের সহ-সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে কোনো কারণ না দেখিয়ে গ্রেফতার করার তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে তার মুক্তি দাবি করেন এ সময় জেএসডি সভাপতি।
জেএসডির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আবদুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, এম এ গোফরান, কাজী আবদুস সাত্তার, আবদুর রাজ্জাক রাজা, এডভোকেট মকবুল হোসেন, এডভোকেট জয়নাল আবদিন, নুরুল আবছার, গোলাম রাব্বানী জামিল, মোশারফ হোসেন, আবুল হোসেন মিয়া, ইসমাইল হোসেন, ছাত্রনেতা মোড়ল জিয়াউর রহমান প্রমুখ।
Posted ১০:৪০ | শুক্রবার, ১০ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin