| বুধবার, ০১ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ঢাকা: ইংরেজি নতুন বছরে দেশ, জাতি ও গণতন্ত্রের স্বার্থে রজনৈতিক বিভাজনের দেয়াল ভেঙে সমঝোতার সেতু তৈরি করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগে সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণে, দারিদ্র মোকাবেলায় ও জঙ্গিবাদকে প্রতিহত ও পরাজিত করার লক্ষ্যে আসুন আমরা এক সঙ্গে কাজ করার অভিন্ন ক্ষেত্র খুঁজে বের করি।’
আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা দিবালোকের মতো সত্য অসাম্প্রদায়িক রাষ্ট্র কাঠামো রক্ষায় ৫ জানুয়ারি নির্বাচন করা ছাড়া বাস্তব ও সংবিধানসম্মত কোনো বিকল্প ছিল না। দশম জাতীয় সংসদ নির্বাচনের পরে সংলাপ ও সমঝোতার মাধ্যমে প্রধান বিরোধী দলসহ সব নিবন্ধিত দল নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা আশা করি বিরোধী দল প্রধানমন্ত্রীর এই আহ্বানে সাড়া দেবে।’
দেশে বর্তমান অর্থনৈতিক অবস্থা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বিশ্ব ব্যাংকের সর্বশেষ রিপোর্টে জানা গেছে, প্রধান ১২টি সূচকের মধ্যে ১০টি সূচকেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার নিম্ন আয়ের দেশের তুলনায় এগিয়ে যাচ্ছে। বিশ্ব ব্যাংকের হিসাব অনুয়ায়ী নিম্ন আয়ের দেশের গড় মাথাপিছু আয় ৫২৮ ডলার, দক্ষিণ এশিয়ার দেশে যা ১১৭৬। আর বাংলাদেশের মাথাপিছু আয় ১০৪৪ ডলার।’
তিনি বলেন, ‘২০০৯ সালে বাংলাদেশের দারিদ্র সীমার সূচক ছিল ৪১ শতাংশ। বর্তমানে যা ২৬ শতাংশে এসে দাঁড়িয়েছে। এই সূচক কমানোর জন্যে আমাদের নিরলস পরিশ্রম অব্যাহত থাকবে।’ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু প্রমুখ।
Posted ১৯:১৩ | বুধবার, ০১ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin