| শনিবার, ২৫ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
স্পোর্টস ডেস্ক, ঢাকা: শুধু বাংলাদেশেরই নয়। সমগ্র ক্রিকেট বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে প্রকাশ্যে প্রস্তাবিত দ্বি স্তর টেস্ট ক্রিকেটের তীব্র বিরোধিতা করেছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট খেলতে নামার দুদিন আগে বিশ্ব ক্রিকেটের স্বার্থ পরিপন্থী এই প্রস্তাবনার বিপক্ষে অবস্থান নেন মুশফিক। ক্রিকেট সম্পর্কিত ম্যাগাজিন ইএসপিএনক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে আইসিসির সাম্প্রতিক বিগ থ্রি বিতর্ক এবং দুই স্তরের টেস্ট নীতি বাস্তবায়ন প্রচেষ্টায় হতাশা প্রকাশ করেন বাংলাদেশ দলপতি। তার মতে, এই প্রস্তাব বাংলাদেশের টেস্ট ভবিষ্যতকে অন্ধকারের পথে ঠেলে দেবে।
প্রস্তাবিত দুই স্তরের টেস্ট ক্রিকেটে র্যাঙ্কিংয়ের নবম ও দশম অবস্থানে থাকা দেশকে ২০১৫ সাল থেকে ইন্টারকন্টিনেন্টাল কাপে খেলতে হবে। এই ইন্টারকন্টিনেন্টাল কাপ হচ্ছে আইসিসির নন টেস্ট প্লেইং দেশগুলোর মধ্যকার প্রথম শ্রেনীর প্রতিযোগিতা। এর ফলে বাংলাদেশের শীর্ষ আট টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে সিরিজ খেলার খুব কম সুযোগই থাকবে।
শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে এই বিপর্যয়ে চরম হতাশা প্রকাশ করেন মুশফিক। তিনি বলেন, ‘যদি দুই স্তরের টেস্ট ক্রিকেট প্রথা চালু হয় তাহলে আর এসব আর কি কাজে আসবে? আমরা টেস্ট ক্রিকেট খেলতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। সম্প্রতি আমাদের সামগ্রিক নৈপূণ্যে যথেষ্ঠ উন্নতিও সম্ভব হয়েছে। সুতরাং এই প্রস্তাব বাস্তবায়িত হলে সেটা হবে আমাদের জন্য চরম হতাশাজনক। এটা অনেক বড় ইস্যু এবং এ কারনেই আমাদের আরো খারাপ লাগছে। এটা আমাদের হাতেও নেই। গত ২-৩ সিরিজেই আমরা একটির পর একটি সমস্যার মুখোমুখি হচ্ছি।’
মুশফিক আরো বলেন, ‘যে সিদ্ধান্তই নেয়া হোক না কেন, আমাদেরকে মাঠেই খেলতে হবে। প্রতিটি সিদ্ধান্তেরই ধারাবাহিকতা আমাদেরকেই মোকাবেলা করতে হবে।’ বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে একমাত্র দ্বিশতক হাঁকানো এই উইকেটরক্ষক ব্যাটসম্যান আরো জানান, প্রস্তাবিত এই নীতি তার দলের উপর অনেক নেতিবাচক প্রভাব ফেলেছে। খেলোয়াড়রা প্রায়ই বিষয়টি নিয়ে আলোচনা করছে এবং তারা ক্যারিয়ার নিয়েও এখন যথেষ্ঠ সন্দিহান হয়ে পরেছে। আর বিষয়টি যদি খেলার মাঠেই নিষ্পত্তি করা সম্ভব হত তাহলে তার দল সামর্থ্যের সবটুকু নিংড়ে দিয়ে টেস্ট স্ট্যাটাস রক্ষা করার যুদ্ধে ঝাপিয়ে পরতো। কিন্তু এটা চূড়ান্ত হচ্ছে পেপারওয়ার্কের মাধ্যমে। যা সত্যিই হতাশাজনক।
অবশ্য মুশফিক এক্ষেত্রে যে পুরোপুরি একা তা অবশ্য নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) আইসিসির এই দ্বি স্তর বিশিষ্ট টেস্ট ক্রিকেট নীতি বাস্তবায়নের বিপক্ষে অবস্থান নিয়েছে। নিজেদের অস্তিত্বের প্রশ্নেই তাদের এই মরিয়া অবস্থান-এটা আর বলার অপেক্ষা রাখে না।
Posted ১০:১৪ | শনিবার, ২৫ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin