| মঙ্গলবার, ১১ মার্চ ২০১৪ | প্রিন্ট
বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে নিযুক্ত ডাক্তারদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করবে। তিনি স্বাস্থ্য ও স্বাস্থ্য শিক্ষা খাতে উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, শুধু ব্যবসার কথা চিন্তা করে নয়, আপনাদের মানুষকে সেবা প্রদানের মনোভাব নিয়ে কাজ করতে হবে। দেশের স্বাস্থ্য খাতের অত্যাশ্চর্য সফলতার পেছনে বেসরকারি খাতের ইতিবাচক ভূমিকা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী গতকাল সকালে তার কার্যালয়ে জাতীয় স্বাস্থ্য কাউন্সিলের সঙ্গে এক বৈঠকে সভাপতির বক্তৃতা করছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের একথা জানান।
মেডিকেল কলেজ ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে শেখ হাসিনা বলেন, চট্টগ্রাম ও রাজশাহীতে আরো দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। তার সরকার আয়ুর্বেদীয়, ইউনানি ও হোমিওপ্যাথিক শিক্ষাকে যুগোপযোগী করার পদক্ষেপ গ্রহণ করেছে। তার সরকার নার্স ও স্বাস্থ্য প্রযুক্তিবিদ কর্মীদের শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে ডাক্তারদের পাশাপাশি শিক্ষিত নার্স ও স্বাস্থ্য প্রযুক্তি কর্মীর সংখ্যাও বৃদ্ধি করা হবে। সরকার নারী ও শিশুদের স্বাস্থ্য চিকিত্সা সুবিধা সুনিশ্চিত করার ওপরও গুরুত্ব আরোপ করেছে। স্বাস্থ্য খাতে তার পূর্ববর্তী সরকারের পাঁচ বছরের সাফল্যের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া হয়েছে।
বৈঠকে অন্যান্যের মধ্যে জাতীয় অধ্যাপক ডা. এমআর খান, জাতীয় অধ্যাপক ডা. শায়লা খাতুন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী এ এইচ এম মোস্তফা কামাল, রেলমন্ত্রী মুজিবুল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, সাবেক বিএমএ সভাপতি ডা. রশিদ-ই-মাহবুব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বক্তৃতা করেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। সভার শুরুতে স্বাস্থ্য ও স্বাস্থ্য শিক্ষা খাতের সার্বিক উন্নয়নের ওপর পাওয়ার পয়েন্টে একটি উপস্থাপনা পরিবেশিত হয়। প্রয়াত রাশেদা হোসেন চৌধুরীর বাসভবনে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত রাশেদা হোসেন চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য গতকাল সকালে রাজধানীর পরীবাগে তার বাসভবনে যান। রাশেদা হোসেন চৌধুরী আওয়ামী লীগ সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর মা। প্রধানমন্ত্রী প্রয়াতের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি প্রয়াতের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন।
রাশেদা হোসেন চৌধুরী সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত শনিবার বিকালে ৭৬ বছর বয়সে ইন্তেকাল করেন।
Posted ১৮:৫৬ | মঙ্গলবার, ১১ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin