| রবিবার, ২২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
নয়াদিল্লি, ২১ ডিসেম্বর : ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের নেয়া আইনগত অবস্থান থেকে সরে না আসার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলেছে এটি এখন আইনপ্রয়োগযোগ্য ইস্যু। এদিকে গ্রেফতারের ঘটনায় যুক্তরাষ্ট্রে কাছে ক্ষমা দাবি করছে ভারত। ইস্যুটিতে এখনো পাল্টা-পাল্টি অবস্থানে দুই দেশ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যারি হার্ফ বলেছেন, আমরা এ ধরনের অভিযোগ খুব গুরুত্ব সহকারে নিয়ে থাকি। প্রতিটি দেশের কূটনীতিক যারা এখানে অবস্থান করছে তাদের আমরা খুব পরিষ্কারভাবে কূটনৈতিক বার্তায় জানিয়ে দেই, কাজ করার জন্য যাদের তারা যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন তাদের ব্যাপারে সুনির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে।
এদিকে ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী কমল নাথ বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত স্পষ্টভাবে ক্ষমা চাওয়া। কোন অবস্থাতেই ভারতের বিরুদ্ধে তাদের এমন আচরণ আমরা মেনে নেব না।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে পৃথিবী বদলে গেছে। সময় বদলেছে সেই সঙ্গে ভারতও বদলেছে। কমলনাথ বলেন, দেবযানী ইস্যুতে যে আচরণ যুক্তরাষ্ট্র করেছে সেটা কেবল ভারতের জন্য উদ্বেগের বিষয় নয়। বিষয়টি সব দেশের জন্যই উদ্বেগের।
দেবযানীকে গ্রেপ্তার প্রসংগে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি প্রিট বারারার সাফাই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তা উইন্ডি সারমেন ভারতীয় পররাষ্ট্র সচিব সুজাতা সিং-এর সঙ্গে বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আলোচনা করেছেন। এর কয়েক ঘণ্টার মধ্যে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব মন্তব্য করলেন।
Posted ০৯:১৮ | রবিবার, ২২ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin