| শুক্রবার, ২২ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
যেদিন তফসিল ঘোষণা করা হবে সেদিন থেকেই দেশ অচল করে দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্দলীয় সরকার না দিয়ে যদি তফসিল ঘোষণা করা হয়, তাহলে দেশ অচল করে দেয়া হবে। আমাদের রাজপথে নেমে আসতে হবে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে তিনি একথা বলেন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রোববার সারাদেশে উপজেলা, থানা ও পৌরসভায় বিক্ষোভ সমাবেশ করারও ঘোষণা দেন মির্জা ফখরুল। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের সব পথ বন্ধ হয়ে গেছে। এই সরকার আবার ফিরে এলে স্বাধীনতা ধ্বংস হয়ে যাবে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। এই সরকারের বিরুদ্ধে জনগণকে রাজপথে ‘ঝাঁপিয়ে পড়ার’ আহ্বান জানান ফখরুল। শুক্রবার বিকেল ৩টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রথম বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক আতিকুর রহমান। ‘সর্বদলীয়’ সরকার প্রতিষ্ঠার প্রতিবাদে ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে সারাদেশে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নগরীরর বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে যোগ দেন নেতা-কর্মীরা। ঢাকা মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকা সমাবেশে সভাপতিত্ব করেন। এদিকে সমাবেশকে ঘিরে সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। সোহরাওয়ার্দী উদ্যানের গেটের বাইরে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন ও মাঠের চারপাশে ব্যাপক পুলিশ ও সাদা পোষাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সমাবেশের কারণে মৎস্য ভবন থেকে শাহবাগের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ।
Posted ১৪:২২ | শুক্রবার, ২২ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin