| শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা: স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সহধর্মিণী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীন শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বাদ আসর গুলশানের আজাদ মসজিদে জোহরা তাজউদ্দীনের জানাজা অনুষ্ঠিত হবে। ছেলে সোহেল তাজ আমেরিকা থেকে দেশে ফিরলে রোববার তাকে স্বামী তাজউদ্দীনের কবরে চিরনিদ্রায় শায়িত করা হবে।
পারিবারিক সূত্র জানায়, গত নভেম্বরে বাসায় পড়ে গিয়ে জোহরা তাজউদ্দীন কোমরের হাড় ভেঙে গিয়ে গুরুতর আহত হন। তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তার অবস্থা খারাপ হলে তাকে দিল্লির একটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে তার একটি অস্ত্রোপ্রচারের পর কিছুটা উন্নতি হলে গত ১৭ ডিসেম্বর ঢাকায় এনে পুনরায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার তার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশন দিয়ে আইসিইউতে নিবির পর্যবেক্ষণে রাখা হয়। সেখানে আজ সকাল সাড়ে ১০ টায় তিনি ইন্তেকাল করেন। এ সময় মেয়ে সিমিন হোসেন রিমিসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জোহরা তাজউদ্দীন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ও গাজীপুর-৪ কাপাসিয়া আসনের সংসদ সদস্য ও দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমির মা।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর যখন আওয়ামী লীগের চরম দুর্দিন চলছিল তখন তিনি আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে দলের হাল ধরে আওয়ামী লীগকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করেছিলেন।
Posted ২১:৩২ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin